নগর ভবন অবরুদ্ধ করে রেখেছেন ইশরাক সমর্থকরা

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন-ইসি। কিন্তু শপথের মাধ্যমে এখনও দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি তাকে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ সকাল থেকে নগর ভবনের প্রধান ফটকসহ বিভিন্ন গেইট অবরুদ্ধ করে রেখেছেন ইশরাক সমর্থকরা।

এর ফলে বৃহস্পতিবার সকাল থেকে কর্মকর্তা-কর্মচারীরা নগর ভবনে ঢুকতে পারছেন না। বিভিন্ন সেবা নিতে আসা নাগরিকরাও ভোগান্তিতে পড়ছেন।

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে ‘ঢাকাবাসী’ ব্যানারে বুধবার নগর ভবন প্রাঙ্গণে বিক্ষোভ করে কয়েকশ মানুষ। এই দাবিতে বৃহস্পতিবার থেকে লাগাতার কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নগর ভবনের সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা। তারা নগর ভবনের প্রধান ফটক থেকে মূল ভবনের সামনের ফাঁকা জায়গা, নগর ভবনের নিচতলার বিভিন্ন স্থানে অবস্থান নেন। ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

গোপীবাগ থেকে আসা আমিনুল হক নামে একজন বলেন, “ইশরাক হোসেনকে মেয়র করে গেজেট হয়েছে। কিন্তু তার শপথ নিয়ে টালবাহানা করা হচ্ছে। এটা চলবে না। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দিতে হবে।”

বিক্ষোভকারীরা নগর ভবনের প্রধান ফটকসহ প্রবেশপথগুলো আটকে রেখেছেন। তাতে নগর ভবনে কেউ ঢুকতে পারছেন না বলে জানান প্রকৌশল শাখার কর্মকর্তা রাসেল মাহমুদ।

তিনি বলেন, “বিক্ষোভকারীরা সকাল থেকেই নগর ভবন প্রাঙ্গণে অবস্থান নিয়েছেন। আমাদের কাউকে সেখানে ঢুকতে দিচ্ছে না।”

নগর পরিকল্পনা বিভাগের একজন কর্মকর্তা বলেন, “সকালে অফিসে এসে দেখি মূল গেইট আটকে রেখেছে। এখন বাইরে আরেক জায়গায় অপেক্ষা করছি।”

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন।

অভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তনের পর গেল ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম মেয়র পদে তাপসকে বিজয়ী ঘোষণার সেই ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন।

এরপর ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন-ইসি।

কিন্তু অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাকের শপথের আয়োজন এখনো হয় নি , যা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন আন্দোলনকারীরা।

খবরওয়ালা/এমএজেড

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।