খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ জুলাই ২০২৫
প্রবাসে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রম সম্প্রসারণে নতুন করে যুক্তরাষ্ট্রসহ পাঁচটি দেশে কার্যক্রম চালুর সম্মতি পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বাকি চারটি দেশ হলো—মালদ্বীপ, জর্ডান, দক্ষিণ আফ্রিকা ও ওমান।
বুধবার (৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শাকেরা আহমেদের সই করা এক চিঠিতে এই পাঁচ দেশে ভোটার তালিকা প্রণয়ন ও এনআইডি প্রদানের বিষয়ে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়। এতে বলা হয়, এসব দেশে কার্যক্রম চালুর ব্যাপারে নির্বাচন কমিশন এখন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।
এর আগে গত ২ জুলাই নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবাসে ভোটার নিবন্ধন কার্যক্রম চালুর জন্য অনুরোধ জানানো হয়।
ইসির পরিকল্পনা অনুযায়ী, বিশ্বের ৪০টি দেশে প্রবাসী বাংলাদেশিদের জন্য এনআইডি ও ভোটার নিবন্ধন কার্যক্রম চালুর লক্ষ্য রয়েছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডায় ইতোমধ্যে এ কার্যক্রম চালু হয়েছে।
নতুন যুক্ত হওয়া পাঁচটি দেশসহ বর্তমানে মোট ১৪টি দেশে এই সেবা চালুর অনুমোদন পাওয়া গেল। এর বাইরে আরও ২৬টি দেশের জন্য নির্বাচন কমিশনের প্রস্তুতি রয়েছে বলে জানানো হয়েছে। এই দেশগুলোর মধ্যে রয়েছে বাহরাইন, লেবানন, লিবিয়া, মিশর, তুরস্ক, জাপান, ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, ইন্দোনেশিয়া, সাইপ্রাসসহ আরও অনেক দেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে ২৫ মে জাপানে এই কার্যক্রম চালুর সম্মতি দেয়। আগামী ১৫ জুলাইয়ের মধ্যে সেখানকার কার্যক্রম শুরুর প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে বলে জানায় ইসি।
নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেন, ‘আটটি দেশে কার্যক্রম শুরু করতে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলাম। যেগুলোর অনুমোদন এসেছে, সেখানে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে।’
ইসির তথ্য অনুযায়ী, বর্তমানে নয়টি দেশে (যেখানে কার্যক্রম চালু রয়েছে) এখন পর্যন্ত প্রায় ৪৭ হাজার ৩২ জন প্রবাসী ভোটার হতে আবেদন করেছেন। এর মধ্যে ২৯ হাজার ৫৬৩ জনের বায়োমেট্রিক সংগ্রহ করা হয়েছে এবং ২০ হাজার ৪৫১ জনকে ভোটার হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে, যাচাই-বাছাই শেষে ৩ হাজার ৬৭৭ জনের আবেদন বাতিল করা হয়েছে।
নির্বাচন কমিশন বলছে, অগ্রাধিকার ভিত্তিতে যেসব দেশে প্রবাসী বাংলাদেশির সংখ্যা বেশি, সেসব দেশে দ্রুত এই কার্যক্রম বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
খবরওয়ালা/এন