নতুন ধরনের করোনা ভাইরাস শনাক্ত, আতঙ্ক নয় হাইজিন মানার পরামর্শ

তিন বছরের দীর্ঘ মহামারির ধকল কাটিয়ে স্বস্তি ফিরছিল বিশ্বে। কোভিড-১৯-এর প্রকোপ যখন অনেকটাই কমে এসেছিল, ঠিক তখনই আবারও মাথাচাড়া দিয়ে উঠছে প্রাণঘাতী এই ভাইরাস। দেশে ফের শনাক্ত হচ্ছে নতুন ধরনের করোনা ভাইরাস।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে ১৩৪টি নমুনা পরীক্ষায় ৩৬ জনের শরীরে করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এতে আক্রান্তের হার ২৬.৮৬ শতাংশ। এছাড়া ৫ জুন করোনা আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।

সবশেষ ৮ জুনের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৪ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়। যা আক্রান্তের হার ৭৫ শতাংশ—চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, এটি বেশ উদ্বেগজনক।

বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রাজীব কুমার সাহা জানান, করোনার এই নতুন ভ্যারিয়েন্টটি ‘ওমিক্রন’ পরিবারেরই একটি ধরন, যার সংক্রমণ ক্ষমতা তুলনামূলকভাবে বেশি। যদিও নতুন ধরনটির উপসর্গ পুরোনো কোভিড-১৯-এর মতোই, তবে দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে, তিনি আতঙ্ক না ছড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন, ‘লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং সর্বদা হাইজিন বজায় রাখা অত্যন্ত জরুরি।’

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জনবহুল এলাকা এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে।

সতর্কতার অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থল, নৌ ও বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং জোরদার করা হয়েছে। প্রবেশপথগুলোতে থার্মাল স্ক্যানার ও ডিজিটাল হ্যান্ড থার্মোমিটারের সাহায্যে ‘নন টাচ’ পদ্ধতিতে তাপমাত্রা পরীক্ষা চালানো হচ্ছে।

চিকিৎসক ও স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, এখনই আতঙ্কিত হওয়ার সময় নয়। বরং সচেতন থাকলে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব।

খবরওয়ালা/এন

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।