নদীতে নিখোঁজ স্কুলছাত্রীর সংবাদে লাইভ চলাকালে ঘটলো চাঞ্চল্যকর ঘটনা

নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয় ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রী, রাইসা। চব্বিশ ঘণ্টা পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ না মেলায় এলাকায় ছড়িয়ে পড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা। ঠিক তখনই সরাসরি সম্প্রচারে গিয়ে চাঞ্চল্যকর এক ঘটনার মুখোমুখি হন স্থানীয় এক সাংবাদিক।

ঘটনাটি ঘটেছে ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলের বাকাবাল শহরে। সাংবাদিক লেনিল্ডো ফ্রাজাও নিখোঁজ শিক্ষার্থীর ঘটনাস্থল থেকে সরাসরি প্রতিবেদন করছিলেন। নদীর পরিস্থিতি বোঝাতে তিনি পানিতে নামেন। লাইভ চলাকালে হঠাৎই বুকসমান পানির নিচে তার পা গিয়ে পড়ে একটি নিথর দেহের ওপর।

ফ্রাজাও তৎক্ষণাৎ আতঙ্কিত হয়ে বলেন, “কিছু একটা আমার পায়ে লাগল। মনে হচ্ছে এটা কোনো হাত হতে পারে… হয়তো মেয়েটার… কিংবা একটা মাছ।” এরপরই দ্রুত বেরিয়ে আসেন পানি থেকে।

তাঁর সেই মন্তব্য শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। কিছুক্ষণ পর ওই জায়গা থেকেই উদ্ধার করা হয় নিখোঁজ রাইসার মরদেহ। ময়নাতদন্তে নিশ্চিত হওয়া যায়, তার মৃত্যু হয়েছে পানিতে ডুবে। শরীরে কোনো ধরণের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

সাংবাদিক ফ্রাজাও লাইভ প্রতিবেদনের সময় নদীর ভয়াবহ স্রোত ও গভীরতা নিয়েও সবাইকে সতর্ক করেন। বলেন, “নদীর নিচে রয়েছে অপ্রত্যাশিত গভীর গর্ত, যা অনভিজ্ঞ সাঁতারুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে।”

জানা গেছে, ঘটনার দিন রাইসা তার বন্ধুদের সঙ্গে নদীতে খেলতে গিয়ে নিখোঁজ হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্কুল কর্তৃপক্ষ তিন দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে। এছাড়া স্থানীয়রা আলোক প্রজ্বালন ও প্রার্থনার মাধ্যমে এক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে রাইসার স্মৃতিতে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।