নদী দখলে জাতীয় ঐক্য থাকলেও উদ্ধারে নেই: আনু মুহাম্মদ

দেশের ভেতরে নদী দখল বা দূষণের ক্ষেত্রে জাতীয় ঐক্য থাকলেও উদ্ধারে জাতীয় ঐক্য নেই বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে নোঙর ট্রাস্টের আয়োজনে ‘আন্তসীমা নদী’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনু মুহাম্মদ বলেন, প্রায়ই প্রশ্ন ওঠে যৌথ নদী কমিশন কেন কাজ করে না? বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কিংবা প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনায় সব সময় আমাদের দিক থেকে ঘাটতি দেখা যায়। সরকারগুলো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর ওপর নির্ভরশীল। নদী নিয়ে যে ডেলটা প্ল্যান হচ্ছে, সেটিও নেদারল্যান্ডসের একটি গোষ্ঠী করে দিচ্ছে।

তিনি আরও বলেন, ভারতের অনেক বিশিষ্ট ব্যক্তি ফারাক্কা বাঁধের বিরোধিতা করেছেন। বর্তমানে ভারতে বাঁধ ভাঙার দাবিও উঠছে। সুতরাং, ভারতের নাগরিক সমাজের সঙ্গে আমাদের যোগাযোগ তৈরি করা জরুরি।

নদী বিপর্যয়ের কারণ উল্লেখ করে তিনি বলেন, ‘এর তিনটি বড় কারণ রয়েছে। একটি হলো ভারত, বাকি দুটি আমাদের নিজেদের। উন্নয়ন প্রকল্পের নামে নদী ধ্বংস এবং ক্ষমতাবান গোষ্ঠীর দখলদারি। অথচ এসব বিষয়ে সরকারের কার্যকর উদ্যোগ নেই।’

আনু মুহাম্মদ বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সবার প্রত্যাশা ছিল— কিছু পরিবর্তন আসবে। প্রথমেই তারা দেশের অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে একটি নদী সংস্কার কমিটি করতে পারতো। আরেকটি সহজ কাজ ছিল জাতিসংঘের ১৯৯৬ সালের আন্তর্জাতিক কনভেনশনে সই করা।

আলোচনা সভার সভাপতি নোঙর ট্রাস্টের চেয়ারম্যান সুমন শামস বাংলাদেশের নদী সুরক্ষায় ২৩ মে দিনটিকে ‘জাতীয় নদী দিবস’ ঘোষণা করা এবং নদী সম্পদ মন্ত্রণালয় গঠন করার দাবি জানান।

নদীসম্পদ মন্ত্রণালয় গঠন করার প্রয়োজনীয়তা সম্পর্কে সুমন শামস বলেন, নদীগুলোকে কার্যকরভাবে সুরক্ষা এবং ব্যবস্থাপনার জন্য একটি স্বতন্ত্র মন্ত্রণালয় প্রয়োজন। কারণ বর্তমানে নদীর কাজ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে বিভক্ত।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।