খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
নাটোরের নলডাঙ্গায় মাদরাসার নামে চাঁদা সংগ্রহ করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন তিনজন। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বৈদ্যবেলঘড়িয়া কামালের মোড়ে এ ঘটনা ঘটে।
গণপিটুনির শিকার ব্যক্তিরা হলেন—পাবনা জেলার ফরিদপুর উপজেলার রাহদ নাগধাপাড়া গ্রামের মৃত আখতার হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন (৩০), মৃত হামজা প্রামাণিকের ছেলে মো. রফিকুল ইসলাম (৩৬) এবং মৃত ফিরোজ হোসেনের ছেলে মো. মামুন হোসেন (২৩)। এ সময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের রশিদ ও ৫ হাজার টাকা জব্দ করে স্থানীয়রা।
এলাকাবাসী জানায়, তারা সিংড়া চলনবিল আল-জামিয়া মহিলা মাদরাসার নামে রশিদ ব্যবহার করে দোকান ও বাড়ি বাড়ি ঘুরে অর্থ সংগ্রহ করছিলেন। কিন্তু সন্দেহ হলে স্থানীয়রা তাদের আটক করে একটি দোকানের ভেতরে আটকে রাখে। পরে মাথার চুল কেটে দিয়ে বেধড়ক মারধর করে। তাদের কাছ থেকে আনুমানিক ৫ হাজার টাকা এবং হাতের ঘড়ি নিয়ে নেওয়া হয়। পরবর্তীতে নলডাঙ্গা থানা পুলিশ গিয়ে তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তারা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। মামলা দায়ের হলে তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মূলত তারা বিভিন্ন এলাকায় মাদরাসার নামে রশিদ ব্যবহার করে টাকা সংগ্রহ করেন এবং এর থেকে কমিশন পান।
খবরওয়ালা/টিএসএন