নারী সাংবাদিককে ‘শূকরছানা’ বলার ঘটনায় ট্রাম্পকে সমর্থন হোয়াইট হাউসের

যুক্তরাষ্ট্রের প্রয়াত দণ্ডিত যৌন-অপরাধী জেফ্রি এপস্টাইন সম্পর্কিত প্রশ্ন করার সময় এক নারী সাংবাদিককে ‘পিগি’ বা ‘শূকরছানা’ বলে সম্বোধন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনার পর বৃহস্পতিবার (২০ নভেম্বর) হোয়াইট হাউস ট্রাম্পকে সমর্থন করে জানায়, প্রেসিডেন্টের মন্তব্য তার সরাসরি ও স্বচ্ছ মনোভাবের প্রতিফলন।

গত সপ্তাহে এয়ার ফোর্স ওয়ানে ঘটে যাওয়া ঘটনাটি ভাইরাল হয়। সম্প্রতি প্রকাশিত এপস্টাইনের একটি ইমেল থেকে ধারণা পাওয়া যায়, ট্রাম্প ‘মেয়েদের বিষয়ে জানতেন’। এ প্রসঙ্গে প্রশ্ন করলে ট্রাম্প সাংবাদিকের দিকে ঝুঁকে আঙুল উঁচিয়ে বলেন, ‘চুপ করো, শূকরছানা।’

এই ঘটনায় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেন, ট্রাম্পকে তার সরাসরি মন্তব্যের জন্য পুনরায় নির্বাচিত করেছেন আমেরিকান ভোটাররা। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে প্রেসিডেন্টের খোলামেলা মনোভাব প্রশংসার যোগ্য।

লিভিট আরও বলেন, ‘তিনি যখন ভুয়া খবর দেখেন, তা প্রকাশ করেন এবং মিথ্যা তথ্য ছড়ানো সাংবাদিকদের ওপর হতাশ হন। তবে প্রেসিডেন্ট সংবাদমাধ্যমে অভূতপূর্ব প্রবেশাধিকার দিয়েছেন এবং প্রায় প্রতিদিন প্রশ্নের উত্তর দিচ্ছেন।’

ট্রাম্পকে মাঝে মাঝে সাংবাদিকদের প্রশ্নে এমন মন্তব্য করতে দেখা যায়। গত মঙ্গলবারও হোয়াইট হাউসে ট্রাম্প আরেক নারী সাংবাদিককে ‘ভয়ঙ্কর ব্যক্তি’ বলে সম্বোধন করেন। ওই সাংবাদিক সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের বিষয়ে প্রশ্ন করেছিলেন এবং এপস্টাইনের ফাইল কেন প্রকাশ করা হয়নি তা জানতে চেয়েছিলেন।

এদিকে, মার্কিন বিচার বিভাগকে নির্দেশ দিয়ে বুধবার ট্রাম্প এপস্টাইনের দীর্ঘদিনের তদন্ত সংক্রান্ত নথি প্রকাশের জন্য একটি আইনে স্বাক্ষর করেছেন। প্রাথমিকভাবে ফাইলগুলো জনসমক্ষে প্রকাশে বাধা ছিল।

সোসাইটি অব প্রফেশনাল জার্নালিস্টস (এসপিজে) চলতি সপ্তাহে এক বিবৃতিতে ট্রাম্পের সাংবাদিকদের প্রতি ‘অবমাননাকর ভাষার’ নিন্দা জানিয়েছে। নির্বাহী পরিচালক ক্যারোলিন হেন্ড্রি বলেন, ‘প্রেসিডেন্টরা সাংবাদিকদের সবচেয়ে বড় সমর্থক হবেন, এমন প্রত্যাশা কেউ করে না। তবে নারী সাংবাদিকদের অপমানজনকভাবে লক্ষ্যবস্তু করা মেনে নেওয়া যায় না।’

 

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।