নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে নামাজের ঘরে ভাঙচুর: ধর্মীয় বিদ্বেষের অভিযোগে তদন্ত শুরু

নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের (এনওয়াইইউ) একটি নামাজের ঘরে ভাঙচুরের ঘটনা ঘটেছে, যা ধর্মীয় বিদ্বেষপ্রসূত বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে। এরপর থেকেই সামাজিক মাধ্যমে ও ক্যাম্পাসজুড়ে নিন্দার ঝড় ওঠে।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে খবরটি জানা গেছে।

শুক্রবার (৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ক্যাম্পাস সেফটির ভাইস প্রেসিডেন্ট ফাউন্টেন ওয়াকার এক বিবৃতিতে বলেন, ‘এই হামলা ধর্মীয় স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এটি বিদ্বেষমূলক এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই।’

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে এবং নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)-কেও এতে সম্পৃক্ত করেছে। তদন্তে সহায়তার জন্য সাধারণ মানুষের কাছ থেকে তথ্যও আহ্বান জানানো হয়েছে।

ঘটনার বিস্তারিত তুলে ধরে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ইসলামিক সেন্টার জানায়, বৃহস্পতিবার রাতে বোবস্ট লাইব্রেরির নামাজের ঘরে গিয়ে এক মুসলিম শিক্ষার্থী ভাঙচুরের চিহ্ন এবং মুসলিমবিরোধী গ্রাফিতি দেখতে পান। এতে তিনি আতঙ্কিত ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন।

ইসলামিক সেন্টারের বিবৃতিতে বলা হয়, ‘আমরা এই ঘটনায় গভীরভাবে ব্যথিত। কিন্তু আমরা জোর দিয়ে বলছি—এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সাম্প্রতিক বছরগুলোতে মুসলিম বিদ্বেষের যে ধারাবাহিকতা, এটি তারই অংশ।’

এ ঘটনা ধর্মীয় সহনশীলতা, ক্যাম্পাসে নিরাপত্তা এবং সংখ্যালঘু শিক্ষার্থীদের সুরক্ষা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আশ্বাস দিয়েছে, ক্যাম্পাসজুড়ে ধর্মীয় স্থানগুলোর নিরাপত্তা আরও জোরদার করা হবে।

 

সূত্র: আনাদোলু এজেন্সি

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।