নিউ মার্কেটে অস্ত্র উদ্ধার: গ্রেপ্তার ৯ জনের তিন দিনের রিমান্ড

রাজধানীর নিউ মার্কেট এলাকার কয়েকটি দোকান ও গুদামে অভিযান চালিয়ে ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধারের মামলায় গ্রেপ্তার ৯ দোকান কর্মচারীর তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (১০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল ওয়াহাবের আদালত শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়ারা হলেন- শুকুর আলী, রোকন মিয়া, হৃদয় মিয়া, রাকিব, স্বপন, নুর হোসেন লিমন, সাজ্জাদ আহম্মেদ, আলী আকবর ও সাজিদ হাসান।

এদিন আসামিদের আদালতে হাজির করে অস্ত্র আইনের মামলায় সাতদিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার এসআই পাভেল আহমেদ।

রাষ্ট্রপক্ষে মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, ‘নিউ মার্কেট এলাকায় খোলামেলা জায়গায় এসব অস্ত্র বিক্রি করে। আবার ভাড়াও দেয়। এর আশেপাশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। এসব অস্ত্র সুলভ মূল্যে বিক্রি করে, ভাড়া দিয়ে থাকে। এসব অস্ত্র তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। তাদের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছি।’

আসামিদের পক্ষে আবুল কালাম আজাদ রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তিনি বলেন, ‘নিউ মার্কেট এলাকায় যে কয়টি দোকান আছে, আমার এলাকায় বটতলায় এর চেয়ে বেশি বিক্রি হয়। বিক্রি বন্ধ করে দেন। যুগ যুগ ধরে ওই এলাকায় এসব বিক্রি হয়ে আসছে। থানা থেকে অস্ত্র লুট হলো তা উদ্ধার না করে এসব উদ্ধার করছে। রিমান্ড বাতিল চেয়ে তাদের জামিনের প্রার্থনা করছি।’

উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।

এর আগে শনিবার নিউ মার্কেটে ক্রোকারিজের তিনটি দোকান থেকে প্রায় ১১০০টি ধারাল অস্ত্রসহ ৯ মালিক-কর্মচারীকে আটক করে সেনাবাহিনী। পরে নিউ মার্কেট থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়।

 

খবরওয়ালা/এসআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।