নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

জাতীয় প্রতীক হিসেবে ব্যবহৃত হওয়ায় ‘শাপলা’কে আর কোনো রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া হবে না—এমন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৯ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।

তিনি বলেন, ‘নতুন প্রস্তাবিত প্রতীক তালিকায় শাপলা রাখা হচ্ছে না। নির্বাচনী প্রতীক হিসেবে এটি আমাদের সিডিউলভুক্ত হবে না—আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশন ইতিমধ্যে পুরোনো ৬৯টি প্রতীকের বাইরে আরও প্রায় ৫০টির মতো নতুন প্রতীক অন্তর্ভুক্তির পরিকল্পনা নিয়েছে। সংশোধিত প্রতীক তালিকা নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে যুক্ত করে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে বলে জানান তিনি।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও নাগরিক ঐক্য তাদের দলীয় প্রতীক হিসেবে শাপলা দাবি করেছিল। এনসিপি শাপলার পাশাপাশি ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ প্রতীককেও বিকল্প হিসেবে উল্লেখ করলেও, তাদের মূল আগ্রহ ছিল শাপলাকে ঘিরে।

তবে নির্বাচন কমিশন মনে করছে, জাতীয় প্রতীক হিসেবে স্বীকৃত হওয়ায় শাপলা প্রতীক কোনো দলকে বরাদ্দ দেওয়া ঠিক হবে না।

নির্বাচন কমিশনার মাছউদ বলেন, ‘সংবিধানে জাতীয় প্রতীক ও জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সুনির্দিষ্ট বিধান রয়েছে। জাতীয় পতাকা ও প্রতীকের সম্মান অক্ষুণ্ণ রাখতে ইতোমধ্যেই আইন করা হয়েছে। যদিও জাতীয় ফুল বা পাখি নিয়ে তেমন স্পষ্ট বিধান নেই, তবে জাতীয় প্রতীকের মর্যাদা রক্ষার স্বার্থে শাপলা প্রতীক তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।’

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।