নির্বাচনে ১৫০ আসন পাবে এনসিপি, বিএনপি ৫০-১০০: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দাবি করেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলটি অন্তত ১৫০ আসন পাবে। অন্যদিকে বিএনপি ৫০ থেকে সর্বোচ্চ ১০০ আসনের বেশি পাবে না বলে মন্তব্য করেছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, বৈঠকে দলের নিবন্ধন, প্রতীক ও প্রবাসীদের ভোটাধিকার নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘আমাদের ব্যাপারে কমিশন ইতিবাচক সিদ্ধান্ত নেবে এবং বিজ্ঞপ্তি প্রকাশ করবে। আমাদের জন্য একটি সুখবর আসছে জুলাই-পরবর্তী সময়ে। আমরা শাপলা, সাদা শাপলা ও লাল শাপলা প্রতীক চেয়েছি। এ সিদ্ধান্ত থেকে সরছি না।’

তিনি আরও বলেন, প্রতীক নিয়ে ষড়যন্ত্র চলছে। তিনটি প্রতীকেই নিবন্ধন হতে হবে, এর ব্যত্যয় হবে না। ‘নির্বাচনি প্রতীক হিসেবে শাপলা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই,’ বলেন তিনি।

এনসিপির প্রার্থী প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘জেলায় জেলায় সাবেক সেনা কর্মকর্তা, জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া নারী, গণঅভ্যুত্থানের কৃষক-শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়েই আমাদের প্রার্থী ঘোষণা করা হবে।’

বিকেল ৪টার দিকে এনসিপির তিন সদস্যের প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করে। প্রতিনিধি দলে ছিলেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

বৈঠক শেষে জহিরুল ইসলাম মুসা বলেন, ‘নিবন্ধনের শর্ত আমরা পূরণ করেছি। ইসি ইতিবাচক সিদ্ধান্ত নিয়েই বিজ্ঞপ্তি প্রকাশ করবে। এরপরই এনসিপি নিবন্ধন সনদ পাবে।’

আইন অনুযায়ী, নিবন্ধন পেতে একটি কেন্দ্রীয় কমিটি, অন্তত এক-তৃতীয়াংশ জেলা কমিটি ও ১০০টি উপজেলা কমিটি থাকতে হয়। প্রতিটি কমিটিতে অন্তত ২০০ ভোটারের সমর্থনের প্রমাণও আবশ্যক। নির্বাচন কমিশন জানিয়েছে, সব কিছু পর্যালোচনা শেষে যোগ্যদের প্রতীকের বিজ্ঞপ্তি প্রকাশ ও দাবি-আপত্তি নিষ্পত্তি করে চলতি মাসেই নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত করা হবে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।