জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, “প্রধান উপদেষ্টা ও উপদেষ্টারা বলছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে।
নির্বাচন হবে স্মরণকালের সর্বাধিক গ্রহণযোগ্য, নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু। কিন্তু বাস্তবে দেশের সাধারণ মানুষ তা বিশ্বাস করছে না।”
শনিবার রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনিসুল ইসলাম মাহমুদ বলেন, “যেখানেই যাই, সেখানেই রাজনীতিবিদসহ সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিরা প্রশ্ন করেন— ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না? এই প্রশ্ন থেকেই বোঝা যায়, নির্বাচন নিয়ে মানুষের মনে গভীর সংশয় রয়েছে।”
শেখ হাসিনার মন্ত্রিসভার সাবেক এই সদস্য আরও বলেন, “সরকারের তথ্য উপদেষ্টা বলেছেন, প্রশাসনের সব পদ বিএনপি-জামায়াত ভাগাভাগি করে নিয়েছে। তাহলে এমন প্রশাসন দিয়ে কীভাবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব?”
তিনি অভিযোগ করেন, “দেশে এখন ‘মব সন্ত্রাস’ চলছে। এমন ভয়াবহ আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের কথা বলা হাস্যকর।”
সংবিধান সংস্কার প্রসঙ্গে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, “গায়ের জোরে সংবিধান পরিবর্তনের চিন্তা করবেন না। আগামী ১০ বছর পর হয়তো বলা হবে—যারা সংবিধান পরিবর্তন করেছিল, তারা অপরাধী, তাদের বিচার করতে হবে। সংবিধান পরিবর্তন করতে হলে নির্বাচিত সংসদ দরকার।”
সভায় জাপা (আনিস) মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, “৫ আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের স্বপ্ন পূরণ হয়েছে কি না—এ প্রশ্ন এখন সাধারণ মানুষের মনে ঘুরছে।”
জাতীয় যুব সংহতির আহ্বায়ক ফখরুল আহসান শাহজাদারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জাপার জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুসহ দলের অন্যান্য নেতারা।
খবরওয়ালা/আশ



