খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 5শে শ্রাবণ ১৪৩২ | ২০ই জুলাই ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
নীলফামারীর ডিমলায় গ্রামীণ কুটিরশিল্প মেলা-২০২৫ এর ব্যানারে অবৈধভাবে লটারির টিকিট বিক্রি করায় তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার বালাপাড়া ইউনিয়নের ডাঙ্গারহাট এলাকায় এ অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা উপজেলার বিভিন্ন হাটবাজারে দীর্ঘদিন ধরে চলা এই লটারি প্রতারণার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার।
অভিযানে ডিমলা সদর ইউনিয়নের উত্তর তিতপাড়া গ্রামের মো. আব্দুল লতিফকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া পঞ্চগড়ের বোদা উপজেলার কুড়ালি পাড়া গ্রামের আনোয়ার হোসেন এবং ডিমলার খগাখরিবাড়ি ইউনিয়নের সাগর ইসলামকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
নাউতারা বাজারের এক ব্যবসায়ী আলী আহমেদ বলেন, “দীর্ঘদিন ধরে আমরা এই অবৈধ লটারি বন্ধের দাবি জানিয়ে আসছিলাম। অবশেষে প্রশাসন ব্যবস্থা নিয়েছে, এতে আমরা স্বস্তি অনুভব করছি।” তিনি আরও বলেন, “এই লটারির ফাঁদে পড়ে অনেক উঠতি বয়সের ছেলে-মেয়ে বিপথে যাচ্ছিল।”
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার বলেন, “জনসাধারণকে প্রলুব্ধ করে লটারি বিক্রি করাটা এক ধরনের প্রতারণা, যা দণ্ডনীয় অপরাধ। মোবাইল কোর্ট আইন ২০০৯ অনুযায়ী দণ্ডবিধি ১৮৮ ধারায় অভিযুক্তদের সাজা দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, জনস্বার্থে অবৈধ লটারি ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই অভিযান ভবিষ্যতেও চলবে।
খবরওয়ালা/টিএস