নুসরাত ফারিয়ার পাশে তারকারা

চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে রবিবার থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। সোমবার আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এমন ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। বিশেষ করে ‘জুলাই আন্দোলন’-এ সক্রিয় ছিলেন এমন অনেক শিল্পী এই গ্রেপ্তারকে ‘অযৌক্তিক’ ও ‘হেনস্তামূলক’ বলে মন্তব্য করেছেন।

‘কি এক লজ্জা, অগ্রহণযোগ্য’—বাঁধন

অভিনেত্রী আজমেরী হক বাঁধন ফারিয়ার একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘কি এক লজ্জা। ফ্যাসিস্ট সরকার যা করেছে, সেখানে এই মেয়েটির কিছুই করার ছিল না। আমি এমন পরিস্থিতি এবং সিস্টেম সম্পর্কে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা এমন একটি দেশে বাস করি, যেখানে ন্যায্য অধিকার শব্দটা সাধারণ নয়। কিন্তু সত্যিকারভাবেই এটা অগ্রহণযোগ্য।’

‘একটা চরিত্রে অভিনয় করলে কি দোষী?’—খায়রুল বাসার

অভিনেতা খায়রুল বাসার লেখেন, ‘তিনি অভিনেত্রী। তাঁর কাজ অভিনয় করা। কোনো গল্পে যে চরিত্রটা পাবেন, সে চরিত্রের যথাযথ প্রকাশ করবেন; এই তাঁর পেশা। আমার ধারণা, তিনি রাজনীতি সচেতনও না। এমনকি তিনি কোন রাজনীতিও করেন না। তাহলে একটা সিনেমায় অভিনয় করাকে কেন্দ্র করে কেন এই হেনস্তা?’

তিনি আরও লিখেছেন, ‘বর্তমান সরকার যদি কোনো রাষ্ট্রীয় আয়োজনে শিল্পীদের ডাকেন, তখন তাঁদের করণীয় কী হবে? তারা কি পরবর্তীতে হেনস্তার শিকার হবেন? নাকি শিল্পীরা কোনো রাষ্ট্রীয় আয়োজনে অংশ নেবেন না?’

‘চলচ্চিত্রে অভিনয় করেই দোসর!’—শিহাব শাহীন

পরিচালক শিহাব শাহীন বলেন, ‘অবিশ্বাস্য এক আজগুবি মামলায় নুসরাত ফারিয়ার গ্রেপ্তার হয়রানিমূলক।’ এক মন্তব্যের জবাবে তিনি লেখেন, ‘একটি চলচ্চিত্রে অভিনয় করে কেউ কিভাবে স্বৈরাচারের দোসর হয়!’

‘এই বিচার অসুস্থতার উদাহরণ’—তাবীব

র‍্যাপার মাহমুদ হাসান তাবীব বলেন, ‘নুসরাত ফারিয়া কোনো সহিংসতায় জড়িত ছিলেন না, কোনো মিছিলেও অংশ নেননি। তিনি বলেছিলেন, “প্রত্যেক মেয়ের ভেতরেই একেকজন হাসিনা আছেন।” এটি একটি আবেগী মন্তব্য। সেই মন্তব্যের জন্য তাকে হত্যাচেষ্টার মামলায় অভিযুক্ত করা হলে, তা হবে এক অসুস্থ বিচারব্যবস্থার প্রমাণ।’

‘আমিও যেতে পারতাম ফারিয়ার জায়গায়’—শরাফ আহমেদ জীবন

অভিনেতা ও পরিচালক শরাফ আহমেদ জীবন লেখেন, ‘নুসরাত ফারিয়া “মুজিব” সিনেমায় অভিনয় করেছেন, আমাকেও ডাকলে আমি যেতাম। তাহলে আমিও কি অপরাধী হতাম?’ তিনি বলেন, ‘অনেকেই গ্রেপ্তার হচ্ছেন, তবে নুসরাত ফারিয়াকে আমি কখনোই ক্ষমতালোভী মনে করিনি।’

‘সরকার সংস্কার নয়, নাটক করছে’—আশফাক নিপুণ

নির্মাতা আশফাক নিপুণ লেখেন, ‘এভাবেই দিনে দিনে প্রকৃত খুনি ও অপরাধীদের বিরুদ্ধে মামলা দুর্বল করতে সফট টার্গেট করা হচ্ছে। এটা কোনো সংস্কার নয়, এটা রাজনৈতিক নাটক। আমরা জুলাই গণহত্যার বিচার চেয়েছিলাম, প্রহসন নয়।’

 

খবরওয়ালা/এন

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।