খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
নোয়াখালীতে এক কলেজে পড়ে অন্য কলেজের ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নেওয়ার ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতাকে তথ্য গোপনের অভিযোগে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ফেসবুক পেজে দপ্তর সম্পাদক (সহ-সভাপতির পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আলোচিত সেই ছাত্রদল নেতার নাম মুরাদ হোসেন রাব্বি। তিনি নোয়াখালী সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি তথ্য গোপন করে ভুলুয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নিয়েছিলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৩/০৩/২০২৫ ইং নোয়াখালী জেলা শাখার অধীনস্থ ভুলুয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি প্রকাশ করা হয়। কমিটি ঘোষণার পর ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক মুরাদ হোসেন রাব্বির বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
পড়েন এক কলেজে, ছাত্রদলের সাধারণ সম্পাদক অন্য কলেজে
জানা যায়, গত ২৩ মার্চ (রোববার) দুপুরে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভুলুয়া ডিগ্রি কলেজসহ নোয়াখালীর ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি অনুমোদন দেন। এতে মো. ইলিয়াছ সুজন সভাপতি এবং মুরাদ হোসেন রাব্বিকে সাধারণ সম্পাদক করে ২০ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন পদবঞ্চিতরা।
ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম বলেন, বিভিন্ন গণমাধ্যমে মুরাদ হোসেন রাব্বির বিরুদ্ধে তথ্য গোপন করে পদ পাওয়ার বিষয়টি আমাদের নজরে আসে। আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে খোঁজখবর নিই। তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
খবরওয়ালা/টিএ