পটুয়াখালীতে নিজ বাড়িতে বৃদ্ধা খুন, ময়নাতদন্তে মিলল ধর্ষণের আলামত

পটুয়াখালীর দুমকিতে নিজ ঘরে খুন হওয়া ৯০ বছর বয়সী বৃদ্ধার ময়নাতদন্ত প্রতিবেদনে ধর্ষণের আলামত পাওয়া গেছে। গতকাল রবিবার (২০ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ময়নাতদন্তকারী চিকিৎসক ইমাম হোসেন সিকদার।

এর আগে গতকাল সকালে ওই নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় দুমকি থানা-পুলিশ। তাঁর পুত্রবধূ ও স্বজনদের অভিযোগ, গত শনিবার দিবাগত রাত একটার দিকে মনির হোসেন (৪৮) নামের ওই বৃদ্ধার দূরসম্পর্কের এক নাতি বসতঘরটিতে প্রবেশ করেন। এরপর ওই বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করা হয়। এর আগে তাঁকে ধর্ষণ করা হয়েছে।

এ ঘটনায় জড়িত অভিযোগে মনিরকে গতকাল আটক করে পুলিশ। পরে দুমকি থানায় স্বজনদের করা হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, ময়নাতদন্তে যদি ধর্ষণের আলামত পাওয়া যায়, তবে হত্যার ধারার সঙ্গে আরও একটি ধারায় আসামিকে অভিযুক্ত করা হবে।

পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক ইমাম হোসেন জানান, গতকাল বিকেলে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ওই নারীর মরদেহের ময়নাতদন্ত করেছেন তিনি। এ সময় তাঁর শরীরে ধর্ষণের আলামত পেয়েছেন।

দুমকি থানা-পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ‘ওই বৃদ্ধার ময়নাতদন্ত প্রতিবেদন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চাওয়া হয়েছে। তারা প্রতিবেদন দিলেই আমরা পরবর্তী পদক্ষেপ নেব।’

অন্যদিকে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলরুবা ইয়াসমীন জানান, যিনি ওই বৃদ্ধার ময়নাতদন্ত করেছেন, তিনি প্রতিবেদন জমা দিলেই থানা-পুলিশের কাছে পাঠানো হবে।

এর আগে ওই বৃদ্ধার পুত্রবধূ জানান, গত শনিবার গভীর রাতে মনির তাঁদের ঘরের কাছে গিয়ে পানি খাওয়ার কথা বলে দরজা খুলতে বলেন। এ সময় তিনি (পুত্রবধূ) দরজা না খুললে মনির ঘরের পেছনের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। এরপর তাঁর (পুত্রবধূ) কাছে টাকা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর ঘুমন্ত স্বামীকে পিটিয়ে জখম করেন মনির। এতে তিনি (পুত্রবধূ) ভয় পেয়ে নিজের প্রতিবন্ধী মেয়েকে নিয়ে তাৎক্ষণিকভাবে পাশের একটি ঘরে আশ্রয় নেন।

পুত্রবধূ আরও বলেন, ঘটনার সময় মনিরের আচরণ অস্বাভাবিক ছিল। তাঁর ধারণা, মনির ওই সময়ে মাদকাসক্ত ছিলেন। এক থেকে দেড় ঘণ্টা পর মনির ঘর থেকে চলে গেলে তিনি ঘরে ফিরে আসেন। এসে দেখতে পান, তাঁর শাশুড়ি মৃত ও বিবস্ত্র। তাঁর ধারণা, তাঁর শাশুড়িকে ধর্ষণের পর পিটিয়ে হত্যা করেছেন মনির।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।