খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্বদ্যিালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন কমিশনের আরেক সদস্য অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা পদত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।
পদত্যাগপত্রে রেজওয়ানা লেখেন, সাবিনয় নিবেদন এই যে, শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত জাকসু নির্বাচন-২০২৫ নির্বাচন কমিশনের আমি একজন সদস্য। এই কাজ চলাকালে আমি আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়ি। কমিশন কার্যালয়ে হতেই এভারকেয়ার হাসপাতালে সরাসরি ভর্তি হই। তাই বিগত বেশ কিছু দিনের নির্বাচন কমিশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে, যেমন ব্যালট পেপার, বাজেট চূড়ান্তকরণ ও অমর্ত্য রায়ের ভিপিপ্রার্থীতা বাতিল সংক্রান্ত সিদ্ধান্ত বিষয়ে আমি ওয়াকিবহাল না।
তিনি আরও লেখেন, এমনকি এ সংক্রান্ত কোনো প্রকার তথ্য আমাকে জানানো হয়নি এবং এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমাকে অবগত না করে নির্বাচন কমিশন গ্রহণ করেন। তথাপি, দায়িত্ব ও কর্তব্যের সূত্র ধরে শারীরিক অসুস্থতা সত্ত্বেও নির্বাচন ভোট গণনা পরবর্তী সময়ে আমি উপস্থিত হই এবং অত্যন্ত নিষ্ঠার সঙ্গে একজন নির্বাচন কমিশন সদস্য হিসেবে যথাসাধ্য আমার কর্তব্য পালনের চেষ্টা করি।
তিনি পদত্যাগপত্রে লেখেন, দুঃখজনক হলেও সত্য যে, একটি ভীষণ রকমের দুর্বল প্রশাসনিক অব্যবস্থাপনা, অতিমাত্রার রাজনৈতিক সমীকরণ, এমনকি একজন শিক্ষকের অকাল প্রয়াণ, যিনি কোনোভাবে ভোট গণনার প্রক্রিয়ার সাথে যুক্ত হওয়ার সুযোগই পাননি, তাকেও নির্বাচন ভোট গণনার প্রক্রিয়ার সাথে যুক্ত করার মিথ্যা অভিযোগ এবং অদৃশ্য চাপ আমাকে এই কমিশনের সদস্য হিসেবে আমাকে কাজ করতে নৈতিকভাবে বাধাগ্রস্ত করছে।
উল্লেখ্য যে, ৩৩ বছরের আকাঙ্ক্ষিত শিক্ষার্থীদের প্রাণের দাবি, জাকসু শিক্ষার্থীদের নেতৃত্ব গঠন অথবা বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থ রক্ষার্থে তৎপর না হয়ে কেবল রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য যখন ব্যবহৃত হয়, একজন নিরপেক্ষ শিক্ষক হিসেবে উক্ত কমিশনে সদস্যপদে বহাল থাকা আমার পক্ষে সম্ভব নয়।
রেজওয়ানা করিম স্নিগ্ধা উপরিউক্ত কারণগুলো দেখিয়ে শেষে বলেন, অতএব, আপনার নিকট আবেদন এই যে, আমাকে নির্বাচন কমিশন সদস্যপদ হতে অব্যাহতি দিয়ে বাধিত করবেন।
খবরওয়ালা/এসআর