প্রেমের টানে বাংলাদেশে আসা সেই তরুণী পতাকা বৈঠকে ফিরল ভারতে

প্রেমের টানে কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে এসে প্রতারিত হয়ে ৭ দিন পর প্রশাসনের সহায়তায় নিজ দেশে ফিরেছেন ভারতীয় তরুণী। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বুড়িমারী স্থল বন্দরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে ওই তরুণীকে ভারতে ফেরত পাঠানো হয়।

ভারতীয় ওই তরুণীর নাম রিয়া মনি (রিংকি)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার মালবাজার থানার করাইবাড়ি গ্রামের আব্দুর রহিমের মেয়ে। বর্তমানে তিনি ময়নাগুড়ি কলেজের বিএ অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেড় বছর ধরে লালমনিহাটের পাটগ্রাম উপজেলার পৌর শহরের থানাপাড়া এলাকার আমিনুর রহমানের ছেলে রবির (২৫) সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন রিংকি।

গত ৬ সেপ্টেম্বর ময়নাগুড়ি কলেজ থেকে ভারত বাংলাদেশের চোরাকারবারীদের সহায়তায় লালমনিরহাটের সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। ওই তরুণী বাংলাদেশের প্রবেশের পরেই প্রেমিক রবি লাপাত্তা হন। পরে নিরুপায় হয়ে রিংকি বাংলাদেশে থাকা তার আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নেন।

প্রেমিকা রিয়া মনি (রিংকি) সংবাদ মাধ্যমে বলেন, ‘রবির সাথে ফেসবুকে পরিচয়। এরপর মন দেওয়া-নেওয়া। দেড় বছর প্রেমের পর। প্রেমিক রবি আমাকে বাংলাদেশে আসতে বলে। এরপর রবি আমাকে বিভিন্ন উপায়ে বাংলাদেশে নিয়ে আসে। বাংলাদেশে আসার পর সে আমাকে বিয়ে করবে না বলে জানায়। আমি নিরুপায় হয়ে পড়ি। বাংলাদেশে থাকা এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেই।’

তিনি আরও বলেন, ‘আমাকে প্রেমের ফাঁদে ফেলে অন্য দেশে পাচার করার উদ্দেশ্যেই বাংলাদেশে নিয়ে এসেছে রবি। আমি প্রশাসনের কাছে বিচার চাই।’

এ বিষয়ে পাটগ্রাম থানার উপ-পরিদর্শক শাহাজাহান বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় ওই তরুণীকে ফেরত পাঠিয়েছি।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।