পবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৩ শিক্ষার্থী বহিষ্কৃত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) র‍্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের ৪১তম শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, গত ২৮ অক্টোবর রেজিস্ট্রার দপ্তর থেকে বহিষ্কারের এই অফিস আদেশ জারি করা হয়।

অফিস আদেশে জানানো হয়েছে, কৃষি অনুষদের ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী ও শহীদ জিয়াউর রহমান হল–১ এর আবাসিক ছাত্র ফারহান ইসরাক খান (সুপ্ত) র‍্যাগিংয়ের পরিকল্পনা, নেতৃত্ব ও সক্রিয় অংশগ্রহণসহ শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে দুই সেমিস্টারের জন্য বহিষ্কৃত হয়েছেন।

একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মৎস্যবিজ্ঞান অনুষদের ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী ও একই হলের আবাসিক ছাত্র মো. নাফিউল আলম নাহিদকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া কৃষি অনুষদের ২য় সেমিস্টারের শিক্ষার্থী ও কবি বেগম সুফিয়া কামাল হলের আবাসিক ছাত্রী ফারিয়া আক্তার নাতাশা ঘটনার মূল উস্কানিদাত্রী এবং টিজ করার বিষয়ে মিথ্যা অভিযোগ তোলার দায়ে এক সেমিস্টারের জন্য বহিষ্কার হয়েছেন।

অফিস আদেশে আরও বলা হয়, বহিষ্কারের মেয়াদকালে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কোনো একাডেমিক বা আবাসিক এলাকায় অবস্থান করতে পারবেন না।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত ওই আদেশে উল্লেখ করা হয়েছে, সিদ্ধান্তটি উপাচার্যের অনুমোদনক্রমে কার্যকর করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন, “তদন্ত রিপোর্টের ভিত্তিতে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে শাস্তি দিয়ে কেবল স্বস্তি পেতেই নয়, আমাদের লক্ষ্য পুরো বিশ্ববিদ্যালয়কে র‍্যাগিং মুক্ত ক্যাম্পাসে পরিণত করা।”

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।