খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর ২০২৫
পাবনা পৌর এলাকায় পরকীয়ার জেরে মো. আকাশ (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। এ ঘটনায় সুভেল নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে পৌর এলাকার সাধুপাড়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
নিহত আকাশ সদর উপজেলার পলিথিন মোড়ের সোহেলের ছেলে এবং আহত নাইম সাধু পাড়ার মৃত লালু মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাধু পাড়ার এক গৃহবধূর সঙ্গে মিল্লাত নামের এক যুবকের পরকীয়া সম্পর্ক ছিল। সেই সম্পর্কের প্রমাণ ছিল আকাশ ও নাঈমের কাছে। মঙ্গলবার রাতে মিল্লাত ও তার সহযোগী সুভেলকে ধরে পরকীয়ার বিষয়ে কথাকাটাকাটি হয়।
একপর্যায়ে মিল্লাতের হাতে থাকা ছুরি দিয়ে তাদের কুপিয়ে আহত করে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, ‘পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা একজনকে গ্রেপ্তার করেছি।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
খবরওয়ালা/এমইউ