পরিস্থিতি ভয়াবহ: ব্যবসায় পরিবেশ উন্নতির কোনো সম্ভাবনা নেই

দেশের অর্থনৈতিক সংকট দিন দিন বাড়ছে। এ সংকট কাটিয়ে ব্যবসায়িক ও বিনিয়োগ পরিবেশ উন্নতির কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেন শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু।

তিনি আরও বলেন, রাজনৈতিক অস্থিতিশীলতা থাকলে সেটা কাটানো যায়। কিন্তু বাংলাদেশে এখন অস্থিতিশীলতা ও অনিশ্চয়তা একসঙ্গে মিলেছে। এতে পরিস্থিতি ভয়াবহ হয়েছে। সামনে কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না যে, কবে এটা ঠিক হতে পারে।

এই ব্যবসায়ী নেতা বলেন, রাজনৈতিক অস্থিতিশীলতার সঙ্গে যখন অনিশ্চয়তা যোগ হয় তখন কোনো কিছুর সম্ভাবনা থাকে না। এডিবি ও বিশ্বব্যাংক বলছে, এ বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ৩ শতাংশ।

তার মানে অর্থনৈতিক উন্নতির ন্যূনতম কিছু হচ্ছে না। শিল্প উৎপাদন, বৈদেশিক বাণিজ্য বাড়ছে না। সবকিছু স্থবির হলেই ৭ শতাংশ থেকে ৩ শতাংশে নামতে পারে জিডিপি প্রবৃদ্ধি।
তিনি বলেন, আয়ের চেয়ে মূল্যস্ফীতি বেশি।

তার মানে কেউ সঞ্চয় করতে পারছে না। সঞ্চয় করতে না পারলে বিনিয়োগ কোথা থেকে আসবে। বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না। দরিদ্র আরও বাড়বে সামনে। এ পরিবেশ বজায় থাকলে আমাদের অর্থনীতি চরম পরিস্থিতির দিকে যাবে।

তিনি বলেন, সরকার বলছে আমাদের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ৩১ হাজার মেগাওয়াট। চাহিদা ১৭ হাজার মেগাওয়াট। উৎপাদন হচ্ছে ১৫ হাজার মেগাওয়াট। কিন্তু প্রতিদিন কয়েক ঘণ্টা লোডশেডিং। কারখানায় বিদ্যুৎ দিতে পারছে না। কীভাবে হবে বিনিয়োগ।

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান বলেন, সারা দেশে আইনশৃঙ্খলার যে অবনতি সেটা উন্নতি করার চেষ্টাও দেখা যাচ্ছে না। প্রশাসনিক হয়রানি একই আছে। এই দেশে কে বিনিয়োগ করতে আসবে? যদি কর্তৃপক্ষের কোনো দায়দায়িত্ব না থাকে; তাদের ওপর কেউ আস্থা না পায়, কে আসবে এই দেশে বিনিয়োগ করতে? পুরো ব্যাংক খাতে ক্যানসার হয়ে আছে। একদিনে বা দ্রুত এর কোনো সমাধান নেই, হবেও না।

 

খবরওয়ালা/এমবি
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।