পাঁচ বছরে ৮ শতাধিক নির্বাচনি মামলা হয়েছে: ইসি

গত পাঁচ বছরে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে মোট ৮১২টি নির্বাচনি মামলা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৭ মে) নির্বাচন কমিশনের আইন শাখা থেকে এ তথ্য জানানো হয়।

ইসির আইন শাখার সিনিয়র সহকারী সচিব মাইনুল ইসলাম প্রণীত এক প্রতিবেদনে বলা হয়, ২০২০ সাল থেকে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত এই মামলা হয়েছে। এর মধ্যে বেশিরভাগ মামলাই এখনো নিষ্পত্তি হয়নি। কিছু মামলা উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে এবং কিছু জেলা নির্বাচন ট্রাইব্যুনালে প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ১৩২টি মামলা হয়েছে উচ্চ আদালতে এবং ২টি মামলা হয়েছে জেলা বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতে। সিটি করপোরেশন নির্বাচন নিয়ে মামলা হয়েছে ১৪টি। উপজেলা নির্বাচন নিয়ে ২৮টি, পৌরসভা নির্বাচন নিয়ে ৪৬টি এবং সবচেয়ে বেশি ৫৯০টি মামলা হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, কমিশনকে পক্ষভুক্ত করে মামলা হলে নির্দিষ্ট অনুমোদনের ভিত্তিতে কমিশন তা পরিচালনা করে থাকে।

বর্তমানে স্থানীয় ও জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা এবং তৎপরতা শুরু হওয়ায় এসব মামলার অগ্রগতি ও বর্তমান অবস্থা মূল্যায়নে মাঠপর্যায়ের তথ্য বিশ্লেষণ করছে ইসি। এ কারণেই সামগ্রিকভাবে ৮১২টি মামলা উঠে এসেছে ইসি কর্মকর্তাদের পাঠানো প্রতিবেদন থেকে।

বিশ্লেষকদের মতে, এই সংখ্যাগুলো নির্বাচনি ব্যবস্থার নানা সীমাবদ্ধতা, অনিয়ম ও বিরোধের প্রতিচ্ছবি বহন করে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের আরও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মত দিয়েছেন তারা।

 

 

খবরওয়ালা/আরডি 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।