খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
রাজধানীর শ্যামপুরের জুরাইন বাগিচা বাজার এলাকায় পাওনা ৬ হাজার টাকা চাইতে গিয়ে মো. সজীব (৩৫) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তিনি পেশায় ইঞ্জিন মিস্ত্রি ছিলেন।
সোমবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সজীব মুন্সীগঞ্জের শ্রীনগর থানার বিক্রমপুর এলাকার মো. ইয়াদ আলীর ছেলে। তিনি পোস্তগোলা আরসিন গেট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
সজীবকে হাসপাতালে নিয়ে আসা ভাগিনা জাকির হোসেন জানান, ‘আমার মামা শ্যামপুর ওয়াসার গ্যারেজে গাড়ির ইঞ্জিনের মিস্ত্রি হিসেবে কাজ করতেন। শাহিন নতুন বিয়ে করেছে, তাই ঘর সাজানোর জন্য আমার মামার কাছ থেকে ৬ হাজার টাকা ধার নেয়। ওই পাওনা টাকা চাইতে গেলে আমার মামাকে শাহিন কাজলের দোকানে বসতে বলেন। কাজলের দোকানে বসিয়ে রেখে কিছুক্ষণ পরে শাহিন মামার কোমরে ছুরি ঢুকিয়ে দেন। তিনি রক্তাক্ত অবস্থায় ওই দোকানেই পড়ে থাকেন। পরে আমরা ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই। আমার মামাকে কাজল ও শাহিন পরিকল্পনা করে ছুরিকাঘাত করে হত্যা করেছে।’
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এখন পর্যন্ত বিষয়টি আমাদের নলেজে নেই, আমরা খবর নিচ্ছি। আমার থানা এলাকায় জুরাইন বাগিচা বাজার আছে। আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম।
খবরওয়ালা/শরিফ