খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ জুন ২০২৫
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বুধবার (১৮ জুন) সকালে টেলিফোনে প্রায় ৩৫ মিনিটের একটি আলোচনা হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এই তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।
বিবৃতিতে জানানো হয়, আলোচনায় মূলত ভারতের সাম্প্রতিক ‘অপারেশন সিন্দুর’ নিয়েই আলোচনা হয়। পাশাপাশি ইরান-ইসরায়েল সংঘাত ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও দুই নেতা মতবিনিময় করেন।
প্রসঙ্গত, একই দিনে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। তার ঠিক আগে মোদী-ট্রাম্প এই ফোনালাপ অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র সচিবের ভাষ্যমতে, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর মোদীকে সমবেদনা জানাতে ফোন করেছিলেন ট্রাম্প। সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের জন্য তখন থেকেই দুই নেতার যোগাযোগ চলে আসছিল।
মোদী ট্রাম্পকে জানান, গত ৬-৭ মে রাতে ভারত ‘অপারেশন সিন্দুর’ পরিচালনা করে শুধুমাত্র জঙ্গি ঘাঁটি ও গোপন আস্তানাগুলিকে লক্ষ্যবস্তু করেছিল। তিনি এটিও স্পষ্ট করেন যে, এই পদক্ষেপ ছিল সুনির্দিষ্ট, পরিমিত এবং উত্তেজনা প্রশমনের লক্ষ্যেই নেওয়া।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ৯ মে রাতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভান্স মোদীকে সতর্ক করেছিলেন যে পাকিস্তান বড় ধরনের হামলার প্রস্তুতি নিতে পারে। এর পরেই নয়-দশ মে রাতে ভারত পাল্টা সামরিক পদক্ষেপ নেয় এবং পাকিস্তানের সামরিক স্থাপনায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি ঘটায়।
বিক্রম মিশ্রি বলেন, পুরো ফোনালাপে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি বা মধ্যস্থতার কোনো আলোচনা হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের অবস্থান মনোযোগ দিয়ে শোনেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের প্রচেষ্টায় সমর্থন জানান।
উল্লেখ্য, জি-৭ সম্মেলনে মোদী-ট্রাম্পের মুখোমুখি বৈঠক হওয়ার কথা থাকলেও, ট্রাম্পের আগাম প্রস্থানের কারণে সেটি সম্ভব হয়নি। পরে ট্রাম্পের উদ্যোগেই এই ফোনালাপ অনুষ্ঠিত হয়।
খবরওয়ালা/আরডি