পাম তেলে বাড়তি মুনাফার আশঙ্কা, বাজারে মনিটরিং জোরদারের নির্দেশ

আন্তর্জাতিক বাজারে দাম কমার প্রভাবে দেশের বাজারে খোলা পাম তেলের দাম প্রতি লিটার ১৬৯ টাকা থেকে ১৫০ টাকায় নামানো হয়েছে। তবে এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা পাম তেলকে সয়াবিন তেল হিসেবে বিক্রি করে বাড়তি মুনাফা করতে পারে—এমন আশঙ্কায় বাজার মনিটরিং জোরদারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)।

মঙ্গলবার (১৪ আগস্ট) বিটিটিসির এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে ৩ আগস্টের বৈঠকে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ভোজ্যতেলের নতুন দাম ঘোষণা করে। এতে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৮৯ টাকা নির্ধারণ করা হয় এবং খোলা সয়াবিন তেলের দাম অপরিবর্তিত রাখা হয়। তবে পাম তেলের দাম লিটারপ্রতি ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা করা হয়।

বিটিটিসির বিশ্লেষণে দেখা গেছে, গত তিন মাসে আন্তর্জাতিক বাজারে পাম তেলের দাম কমায় এর আমদানি অস্বাভাবিকভাবে বেড়েছে। বর্তমানে খোলা সয়াবিন তেলের দাম পাম তেলের তুলনায় লিটারপ্রতি ১৯ টাকা বেশি হওয়ায় অসাধু ব্যবসায়ীরা পাম তেলকে সয়াবিন তেল হিসেবে বিক্রির চেষ্টা করতে পারে।

এ পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসনকে বাজারে তদারকি কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছে বিটিটিসি। একই সঙ্গে ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।