পারফরম্যান্সে উন্নতি না হলেও ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বেড়েছে

খবরওয়ালা স্পোর্টস ডেস্ক: পারফরম্যান্সে উল্লেখযোগ্য উন্নতি না হলেও বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (৩ মার্চ) বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।  

সভাশেষে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
তবে ঠিক কত শতাংশ বেতন বৃদ্ধি করা হয়েছে, কতজন ক্রিকেটার চুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছেন বা চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা বেড়েছে নাকি কমেছে—এসব তথ্য খোলাসা করেননি তিনি।  

বেতন বৃদ্ধির ক্ষেত্রে বিশেষভাবে টেস্ট ক্রিকেটারদের গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান ফাহিম। তিনি বলেন, ‘ক্রিকেটারদের পারিশ্রমিক বেড়েছে, ম্যাচ ফিও বেড়েছে। বিশেষ করে টেস্ট ক্রিকেটারদের ক্ষেত্রে বৃদ্ধির হার তুলনামূলক বেশি রাখা হয়েছে, যাতে তারা টেস্ট ক্রিকেটে আরও বেশি আগ্রহী হয়।’  

তিনি আরও বলেন, সংখ্যাটা এখনই প্রকাশ করতে চাই না। তবে পর্যালোচনার পর হয়ত পরিবর্তন আসতে পারে। অনুমোদন হয়ে গেছে, এখন যা দেখানো হবে সেটাই চূড়ান্ত।

জানা গেছে, বিসিবির আগের বেতন কাঠামোতে ক্রিকেটারদের জন্য আলাদা সাদা বল ও লাল বল চুক্তি ছিল। এবার আবার পুরোনো কাঠামোয় ফিরে যাচ্ছে বোর্ড। অর্থাৎ, খেলোয়াড়দের জন্য এ, বি, সি, ডি, ই ক্যাটাগরিতে বেতন নির্ধারিত হবে।  

এছাড়া, শুধু টেস্ট খেলা ক্রিকেটারদের আর্থিকভাবে আরও সচ্ছল করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বিসিবি। ফলে কেউ শুধু টেস্ট খেললেও তিনি সর্বোচ্চ এ ক্যাটাগরির বেতন পেতে পারেন।  

সংক্ষেপে পরিবর্তনসমূহ:
* ক্রিকেটারদের মাসিক বেতন ও ম্যাচ ফি বৃদ্ধি  
* টেস্ট ক্রিকেটারদের জন্য বিশেষ আর্থিক সুবিধা  
* পুরোনো এ, বি, সি, ডি, ই ক্যাটাগরিতে ফিরে যাওয়া  
* শুধু টেস্ট খেলে ‘এ’ ক্যাটাগরির বেতন পাওয়ার সুযোগ  
খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।