পুলিশ দেখে যুবলীগ নেতার দৌড়, পরে বুকে ব্যথা উঠে মৃত্যু

হবিগঞ্জের লাখাই উপজেলায় পুলিশের উপস্থিতি দেখে দৌড়ে পালিয়ে যাওয়ার পর বুকে ব্যথা উঠে মারা গেছেন ফজল উদ্দিন ইমন (৪৫) নামে এক যুবলীগ নেতা। মঙ্গলবার (২০ মে) দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ইমন উপজেলার তেঘরিয়া গ্রামের বাসিন্দা ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে তেঘরিয়া গ্রামের একটি স্টলে বসে চা খাচ্ছিলেন ফজল উদ্দিন ইমন। এ সময় পুলিশের গাড়ি দেখে তিনি দৌড়ে পালিয়ে এক আত্মীয়ের বাড়িতে ওঠেন। সেখানে বুকে ব্যথা অনুভব করছেন জানালে তাঁকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সূত্রে জানা যায়, ইমনকে পুলিশ কয়েকবার গ্রেপ্তরের চেষ্টা করেছে। এতে তিনি আতঙ্কিত সময় পার করছিলেন। গ্রেপ্তার থেকে বাঁচতে কয়েক মাস বাড়িতে থাকেননি। দুই দিন আগে গ্রামে ফেরেন।

মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের সদস্য মো. ছুরুক মিয়া জানান, পুলিশ দেখে ভয়ে দৌড়ে পালানোর সময় অসুস্থ হয়ে পড়েন ইমন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। আজ বুধবার বাদ জোহর গ্রামের বাড়িতে জানাজার নামাজের পর দাফন করা হবে।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।