প্রতারণা মামলায় জামিন পেলেন মডেল মেঘনা আলম

রাজধানীর ধানমণ্ডি থানায় প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন মডেল মেঘনা আলম।

সোমবার (২৮ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্লাহ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, মেঘনার পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মহসিন রেজা, মহিমা বাঁধন ও ব্যারিস্টার সাদমান সাকিব। নারী বিবেচনায় আদালত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে, গত ১৭ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে শুনানি শেষে মেঘনাকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, মেঘনা আলম, দেওয়ান সমিরসহ অজ্ঞাতপরিচয় আরও ২-৩ জন একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা সুন্দরী তরুণীদের ব্যবহার করে বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিক ও দেশের ধনাঢ্য ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। এরপর সম্মানহানির ভয় দেখিয়ে তাদের কাছ থেকে অর্থ আদায় করা হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, দেওয়ান সমির ‘কাওয়াই গ্রুপ’ নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানের সিইও এবং ‘সানজানা ইন্টারন্যাশনাল’ নামে একটি ম্যানপাওয়ার প্রতিষ্ঠানের মালিক। এর আগে তিনি ‘মিরআই ইন্টারন্যাশনাল ইভেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড’ পরিচালনা করতেন। বিভিন্ন আকর্ষণীয় ও স্মার্ট মেয়েদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়ে, তিনি বিদেশি কূটনীতিক ও ধনাঢ্য ব্যবসায়ীদের সঙ্গে সহজে যোগাযোগ স্থাপনের সুযোগ তৈরি করেন। এরপর ব্ল্যাকমেইল করে বড় অঙ্কের অর্থ আদায়ের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল মডেল মেঘনাকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়। এরপর ১২ এপ্রিল ভাটারা থানায় প্রতারণা মামলায় দেওয়ান সমিরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। একইভাবে, ১৭ এপ্রিল ধানমণ্ডি থানার মামলায় মেঘনার পাঁচ দিনের রিমান্ড এবং পরে ২২ এপ্রিল আরও চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শেষে ২৭ এপ্রিল তাকে কারাগারে পাঠানো হয়।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।