ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) প্রথমবারের মতো ভাড়াটিয়া ও বাড়িমালিকদের নিয়ে যৌথ বৈঠক আয়োজন করতে যাচ্ছে। ডিএনসিসির আওতাধীন এলাকার বাড়িমালিক ও ভাড়াটিয়াদের সমন্বয়ে ‘ঢাকা শহরের বাড়িভাড়া’ বিষয়ে একটি গোলটেবিল বৈঠক আগামী ২৭ নভেম্বর দুপুর দেড়টায় নগর ভবনে অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামান জানান, বৈঠকে ঢাকার বাড়িভাড়ার চলমান সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
ভোক্তা অধিকার বিষয়ক সংগঠন কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) এক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৫ বছরে রাজধানীতে বাসা ভাড়া প্রায় ৪০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যে হারে বেড়েছে, তার তুলনায় বাসা ভাড়া বেড়েছে প্রায় দ্বিগুণ।
ক্যাবের আরেক পরিসংখ্যানে বলা হয়েছে, ঢাকার ২৭ শতাংশ ভাড়াটিয়া তাদের আয়ের প্রায় ৩০ শতাংশ, ৫৭ শতাংশ ভাড়াটিয়া প্রায় ৫০ শতাংশ, আর ১২ শতাংশ ভাড়াটিয়া আয়ের প্রায় ৭৫ শতাংশ ব্যয় করেন বাসা ভাড়ায়।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)–এর ২০২৩ সালের খাদ্যনিরাপত্তা পরিসংখ্যান অনুযায়ী, সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারীদের ৭২ শতাংশ ভাড়া বাসায় থাকেন। নিজ বাড়িতে থাকেন মাত্র ২৫ দশমিক ৮৫ শতাংশ মানুষ। সিটি কর্পোরেশনের বাইরে অন্যান্য শহরে মাত্র ১৮ শতাংশ মানুষ ভাড়া বাসায় থাকেন। এ ছাড়া ২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বর সময়ে শহরে বাসা ভাড়া বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৮৯ শতাংশ।
বর্তমানে ঢাকায় প্রায় আড়াই কোটি মানুষ বসবাস করছে। প্রতি বছর রাজধানীতে নতুন করে যুক্ত হচ্ছে ৬ লাখ ১২ হাজার মানুষ—অর্থাৎ প্রতিদিন প্রায় এক হাজার ৭০০ জন। বিশ্বের মধ্যে ঢাকার জনসংখ্যার ঘনত্ব সর্বোচ্চ, প্রতি বর্গকিলোমিটারে বাস করেন প্রায় ৪৩ হাজার ৫০০ মানুষ।
খবরওয়ালা/টিএসএন



