প্রথম দফায় নির্বাচিত হয়নি পোপ, ফের ভোট বৃহস্পতিবার

বুধবার শুরু হওয়া গোপন কনক্লেভে ভোটের পর প্রথম দফায় নির্বাচিত হয়নি পোপ। ফলে নতুন করে আরেক দফা ভোট হতে চলেছে বৃহস্পতিবার।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আলজাজিরা।

ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলে বুধবার রোমান ক্যাথলিক কার্ডিনালরা বসেন নতুন পোপ নির্বাচনের লক্ষ্য নিয়ে, যিনি নানা মতে বিভক্ত কিন্তু বৈচিত্র্যে ভরা চার্চকে একত্রিত করতে পারবেন বলে তাদের আশা।

এই সিস্টিন চ্যাপেলে ঢোকার পরই কার্ডিনালদের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে আছে বহির্বিশ্বের সব যোগাযোগ। ভোট চলার সময় বাইরের দুনিয়া কেবল চোখ রাখবে সিস্টিন চ্যাপেলের চিমনির দিকে।

পোপ নির্বাচন না হওয়া পর্যন্ত কার্ডিনালরা ওই চ্যাপেলেই থাকবেন এবং চিমনি দিয়ে সাদা ধোঁয়া বের হলেই বোঝা যাবে পোপ নির্বাচন হয়ে গেছে।

কনক্লেভের প্রথম দিনে সাধারণত পোপ নির্বাচিত হতে দেখা যায় না। এবারও তার ব্যতিক্রম হয়নি। ফলে অন্যান্যবারের মতো এবারও কয়েকদফা ভোটেই হয়ত পোপ নির্বাচন হতে পারে।

একাধিক দফা ভোটের পর লাল টুপি পরা ‘চার্চের কোনো এক রাজপুত্র’ পাবেন উপস্থিত কার্ডিনালদের দুই তৃতীয়াংশ সমর্থন, হবেন ক্যাথলিক চার্চের ২৬৭তম সর্বেসর্বা।

বুধবার কেবল একবারই ভোট হয়েছে। এরপর কার্ডিনালরা দিনে চারবার পর্যন্ত ভোট দিতে পারবেন।

কোনো ভোটে কেউ দুই তৃতীয়াংশের বেশি ভোট পেলে সিসটিন চ্যাপেলের চিমনি দিয়ে বের হবে সাদা ধোঁয়া, বাজবে ঘণ্টাধ্বনি। তার আগ পর্যন্ত প্রত্যেক ভোটের পর চিমনি দিয়ে বের হবে কালো ধোঁয়া।

পোপ ক্যাথলিকদের হলেও তার প্রভাব বিস্তর, বিশ্ব রাজনীতিতে আর কোনো সম্প্রদায়ের ধর্মগুরুর এমন প্রভাব দেখা যায় না।

পোপ নির্বাচনে অংশ নিতে এবার ৭০টি দেশের রেকর্ড ১৩৩ কার্ডিনাল সিসটিন চ্যাপেলে ঢুকেছেন বলে ধারণা প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। ফ্রান্সিস যেবার পোপ হয়েছিলেন, সেই ২০১৩ সালের কনক্লেভে ছিলেন ৪৮ দেশের ১১৫ কার্ডিনাল।

নতুন পোপ কে হতে পারেন, তা নিয়ে ইউরোপের গণমাধ্যমগুলো ব্যাপক জল্পনা-কল্পনা করছে। তাদের হিসাবে, কনক্লেভে লড়াই হতে পারে ইতালীয় কার্ডিনাল পিয়েত্র পারোলিন ও ফিলিপিন্সের কার্ডিনাল লুইস আন্তোনিও তাগলের মধ্যে।

খবরওয়ালা/এমএজেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।