প্রবাসীদের ভোটের পদ্ধতিতে বিশেষজ্ঞদের মতামত নিচ্ছে ইসি

প্রবাসী বাংলাদেশিদের জন্য কী পদ্ধতিতে ভোট নেয়া যেতে পারে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে কারিগরি বিশেষজ্ঞদের সঙ্গে কর্মশালায় বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

এ আয়োজনের উদ্বোধনী পর্বে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, “প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। বিশেষজ্ঞদের আজকের কর্মশালা থেকে সুনির্দিষ্ট পদ্ধতি নির্ধারণ হবে, এমন আশা করছি।”

তিনি আরও বলেন, “যে পদ্ধতি আপনারা সাজেস্ট করবেন, সে অনুযায়ী আমরা উদ্যোগ নেব। এরপরেই পদ্ধতি নিয়ে একটি আর্কিটেকচার দাঁড় করানো হবে।”

মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) দিনব্যাপী এই কর্মশালায় বিশেষজ্ঞ, নির্বাচন কর্মকর্তাসহ অন্তত ৮০ জন অংশ নিচ্ছেন। উপস্থিত রয়েছেন চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব।

নাসির উদ্দিন আরও বলেন, “অন্তর্বর্তী সরকারের মতো নির্বাচন কমিশনও আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি বলেন, “প্রবাসীদের অনেকেই ভোট দেওয়ার সুযোগ চেয়েছেন। তবে আমরা দেখেছি, এটি খুব সহজ নয়।”

“অনেক পর্যালোচনার পর আমরা তিনটি পদ্ধতিতে কাজ করছি: পোস্টাল ভোটিং, যেটি বর্তমানে রয়েছে, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং,” বলেন সিইসি।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “পোস্টাল ও অনলাইন ভোটিং পদ্ধতি এখানে তেমন কার্যকর হবে না। প্রক্সি ভোটিং পদ্ধতিই উপযোগী।”

প্রক্সি ভোট হলো, একজন ভোটার তার ভোটদানের ক্ষমতা অন্য একজনকে হস্তান্তর করেন। অর্থাৎ, প্রবাসী তার ভোটের অধিকার আরেকজনের কাছে দেবেন নির্দিষ্ট নির্বাচনের জন্য।

তিনি জানান, “প্রক্সি ভোটিং” পদ্ধতিকে গুরুত্ব দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এমআইএসটি এবং সরকারি-বেসরকারি উন্নয়ন সহযোগীদের মতামত নেওয়া হচ্ছে কর্মশালায়।

কারিগরি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, প্রবাসীদের ভোটিং পদ্ধতি দ্রুতই চূড়ান্ত হবে, এমন আশা প্রকাশ করেন সিইসি।

তিনি বলেন, “এই কর্মশালায় পাইলট প্রোগ্রাম কীভাবে করা যায়, সে বিষয়ে পরামর্শ দিন। প্রবাসীদের ভোট দেওয়ার যেকোনো পদ্ধতিতেই প্রথমে পাইলটিং করে ছোট পরিসরে শুরু করতে হবে, তারপর বড় পরিসরে যেতে হবে।”

কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মোসাদ্দেক হোসেন কামাল, মামুন অর রশীদ, মোস্তাফিজুর রহমান, বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মনিরুল ইসলাম, এ বি এম আলিম আল ইসলাম, অনিন্দ্য ইকবাল, এমআইএসটি’র কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মাহফুজুল করিম মজুমদার, মোহাম্মদ নজরুল ইসলাম, আবুল বাশার উপস্থিত রয়েছেন।

এছাড়া, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, ইসির আইসিটি শাখা, মাঠ কর্মকর্তা, ইএনডিপি, বেসিস এবং বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠানের কারিগরি বিশেষজ্ঞরা কর্মশালায় অংশ নিচ্ছেন।

খবরওয়ালা/জেআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।