প্রবাসীর বাড়িতে ডাকাতি: টাকা-স্বর্ণ লুটের পর মোবাইল ফিরিয়ে দিল ডাকাতেরা

জয়পুরহাটের আক্কেলপুরে এক প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার গোপীনাথপুর পূর্বপাড়া গ্রামের প্রবাসী সোহেল রানার বাড়িতে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, রাত ৪টার দিকে ২০-২৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়ির পেছনের জানালার গ্রিলের একটি পাইপ কেটে দরজার ছিটকিনি খুলে ভেতরে প্রবেশ করে। তারা প্রথমে সোহেল রানার বাবার চোখ ও হাত বাঁধে। পরে তাঁর মায়ের হাত বেঁধে ওপর তালায় সোহেল রানার ঘরে নিয়ে যান।

সেখানে সোহেল ও তাঁর স্ত্রীর হাত বেঁধে ঘরের মধ্য রাখা জিনিসপত্র তছনছ করে নগদ ২৯ হাজার টাকা ও ১৮-২০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। তবে ডাকাত দলের সদস্যরা কাউকে মারধর করেনি। ওই সময় পরিবারের সবার মোবাইল ফোন কেড়ে নিলেও চলে যাওয়ার সময় মোবাইল ফোনগুলো দিয়ে যায় ডাকাতেরা।

বাড়ির মালিক সোহেল রানা বলেন, ‘আমি গত কয়েক মাস আগে মালয়েশিয়া থেকে বাড়িতে ছুটিতে এসেছি। রাত ৪টার দিকে বাড়ির জানালা কেটে ২০-২৫ জনের একটি ডাকাত দল বাড়ির ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। তবে আমাদের কাউকে মারধর করেনি। ডাকাতেরা চলে যাওয়ার পর পুলিশকে ঘটনাটি জানালে পুলিশ আমাদের বাড়িতে আসে।’

গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, ‘আজ সকালে খবর পাই মালয়েশিয়াপ্রবাসী সোহেল রানারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আমি তাঁর বাড়িতে এসে দেখি ঘরের জিনিসপত্র এলোমেলো। পরে ঘটনাস্থলে পুলিশ আসে।’

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে সোহেল রানার বাড়িতে এসেছি, ঘটনাটি খতিয়ে দেখে বিস্তারিত বলতে পারব।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।