ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে অপপ্রচারে আতঙ্কিত হয়ে পড়েছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী আবদুল কাদের। তিনি বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ফেসবুকে এক পোস্টে বলেছেন, ‘ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই। এতোটুকু দয়া অন্তত আমাকে দেখানোর অনুরোধ।’
স্ট্যাটাসে কাদের দাবি করেন, একটি রাজাকারের বিষয়ে কথা বলার পর থেকেই তার বিরুদ্ধে সমন্বিতভাবে অপপ্রচার শুরু হয়েছে এবং সময়ের সঙ্গে তা আরও বেড়েই চলেছে। এ কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।
তিনি আরও লেখেন, ‘আমি এখন ঘুমাতে পারি না, মাঝরাতে জেগে যাই; শরীর কাঁপতে থাকে। একটা মানুষকে নিয়ে আর কত করবেন? মানুষের সহ্যশক্তিরও একটা সীমা থাকে।’
আব্দুল কাদের অভিযোগ করেন, অনলাইনে অপপ্রচার ছাড়াও হেনস্তার মাত্রা এতটাই বেড়েছে যে তার পরিবারের সদস্যরাও এর শিকার হচ্ছেন। ‘বাড়িতে গিয়ে আমার আম্মাকে পর্যন্ত কথা শুনানো হচ্ছে,’ উল্লেখ করেন তিনি।
তিনি দাবি করেন, ১০ দিন আগের একটি বক্তব্য কাটছাঁট করে প্রচার করা হচ্ছে, যার ফলে মানুষ প্রকৃত বক্তব্যের সারমর্ম বুঝতে পারছে না। ‘পুরো বক্তব্য তুলে ধরলে মানুষ বুঝতে পারতো আমি আসলে কী বলেছি,’ বলেন তিনি।
স্ট্যাটাসের শেষ দিকে আব্দুল কাদের লেখেন, ‘এখনো তো কেবল শুরু, সামনে আরও ৫ দিন বাকি। ততোদিনে কী ঘটবে, তা ভাবতেই ভয় লাগছে।’
উল্লেখ্য, সম্প্রতি একটি টিভি চ্যানেলে টকশোতে আব্দুল কাদেরকে ‘ছাত্রলীগের হাজার দোষ থাকতে পারে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নারীদের প্রতি অনেক সহনশীল ছিল’ এমন মন্তব্য করতে দেখা যায়। এরপর থেকে তাকে নেটিজেনদের ব্যাপক সমালোচনার মুখে পড়তে হচ্ছে।
খবরওয়ালা/এসআর



