প্রাইম ব্যাংক পিএলসি আজ তাদের স্থায়িত্ব প্রতিবেদন এবং জলবায়ু পদক্ষেপ প্রতিবেদন প্রকাশ করেছে, যা দায়িত্বশীল ও জলবায়ুবান্ধব ব্যাংকিং কার্যক্রমে প্রতিষ্ঠানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স দপ্তরের পরিচালক চৌধুরী লিয়াকত আলী। রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকায় আয়োজিত এই প্রকাশনা অনুষ্ঠানে তিনি প্রতিবেদন দুটি উন্মোচন করেন। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চৌধুরী লিয়াকত আলী অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের স্থায়িত্ব-চর্চার অগ্রযাত্রা নিয়ে উৎসাহব্যঞ্জক বক্তব্য দেন এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যাশা তুলে ধরেন। তিনি বলেন, সাসটেইনেবল ব্যাংকিং এখন শুধু নীতি নয়, বরং সময়োপযোগী দায়িত্ব।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী হাছান ও রশীদ দীর্ঘমেয়াদি স্থায়িত্ব লক্ষ্যমাত্রা, বৈশ্বিক জলবায়ু অগ্রাধিকারের সঙ্গে ব্যাংকের কৌশলগত সামঞ্জস্য এবং পরিবেশবান্ধব কার্যক্রমের প্রতিশ্রুতি তুলে ধরেন। তিনি বলেন, প্রকাশিত প্রতিবেদনটি মূল ব্যবসায় স্থায়িত্বের চর্চা সংযুক্ত করার ব্যাংকের ধারাবাহিক যাত্রার প্রতিফলন এবং সবুজ ভবিষ্যৎ গড়ায় তাদের সমষ্টিগত দায়িত্বের প্রতিশ্রুতি।
ব্যাংক তাদের বিভিন্ন সিএসআর কার্যক্রমও উপস্থাপন করে, যা জলবায়ু সহনশীলতা বৃদ্ধির পাশাপাশি কমিউনিটি পর্যায়ে টেকসই উন্নয়নকে উৎসাহ দেয়। প্রতিবেদনের মাধ্যমে প্রতিষ্ঠানটি স্বচ্ছতা, জবাবদিহি ও জলবায়ু পদক্ষেপে নেতৃত্ব প্রদর্শনের অঙ্গীকার তুলে ধরে, যা জাতীয় ও বৈশ্বিক টেকসই কর্মপরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফয়সল রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা জিয়াউর রহমান, বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স দপ্তরের কর্মকর্তারা, আন্তর্জাতিক অংশীদার এবং সিএসআর সহযোগীরা।
খবরওয়ালা/এএসএন



