খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ই আগস্ট ২০২৫, ৫:৫৮ পিএম
এশিয়া কাপকে সামনে রেখে শুরু হওয়া অনুশীলন হঠাৎ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। জানা গেছে, ক্রিকেটারদের সঙ্গে ‘জরুরি বৈঠক’ করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর একটি পাঁচ-তারকা হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উদ্দেশে সোমবারই (১৮ আগস্ট) অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন বিসিবি সভাপতি।
এর আগে গত ৬ আগস্ট থেকে সিলেটে শুরু হয়েছিল জাতীয় দলের বিশেষ ফিটনেস ক্যাম্প, যা শেষ হয় ১৩ আগস্ট। এরপর ১৫ আগস্ট থেকে ঢাকায় স্কিল অনুশীলন শুরু করে টাইগাররা। তবে সোমবারের (১৮ আগস্ট) অনুশীলন সেশন বৈঠকের কারণে বাতিল করা হয়েছে।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, এ বৈঠকে উপস্থিত থাকবেন বোর্ড পরিচালকরাও। ক্রিকেটারদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে, পাশাপাশি সভাপতি প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।
বৈঠক শেষে সন্ধ্যায় সিলেটে ফিরবেন ক্রিকেটাররা। সেখানে ২০ আগস্ট থেকে লাক্কাতুরায় শুরু হবে মূল অনুশীলন ক্যাম্প, যেখানে আসন্ন নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপকে কেন্দ্র করে প্রস্তুতি নেবে বাংলাদেশ দল।
প্রসঙ্গত, গত ১৫ আগস্ট লিটন কুমার দাসদের নেতৃত্বে মূল অনুশীলন শুরু হয়। সেদিনই প্রথমবারের মতো পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের অধীনে কাজ করেন ক্রিকেটাররা।
খবরওয়ালা/শরিফ
মন্তব্য