নির্যাতনের কারণে তালাক দেন স্ত্রী, আক্রোশে সৎ সন্তানকে হত্যা

ঢাকার কেরানীগঞ্জে সৎ ছেলে রাকিবুলকে হত্যার অভিযোগে বাবা আজহারুল সরদারকে (৩৬) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার (১৭ আগস্ট) দিনগত রাতে খুলনার হরিণটানা থানাধীন জিরো পয়েন্ট মোড়ে অভিযান চালিয়ে র‌্যাব-১০ এর একটি দল তাকে আটক করে।

র‌্যাব জানায়, স্ত্রী তফুরা খাতুন তালাক দেওয়ায় আক্রোশ থেকেই সৎ ছেলে রাকিবুলকে শ্বাসরোধে হত্যা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন গ্রেপ্তার আজহারুল সরদার।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘তফুরা খাতুনের প্রথম স্বামী খায়রুল সরদার মারা গেলে তিনি দুই বছর আগে আজহারুল সরদারকে বিয়ে করেন। তবে বিয়ের পর নির্যাতনের শিকার হয়ে তিনি আদালতের মাধ্যমে ৩/৪ মাস আগে তালাক দেন।’

র‌্যাব জানায়, তালাকের পর থেকেই আজহারুল তফুরাকে নিয়মিত হুমকি দিতেন। গত ১৪ আগস্ট সকাল ৯টার দিকে রাকিবুল কাজে বের হয়ে আর বাসায় ফেরেনি। পরদিন সকাল পর্যন্ত কোনো খোঁজ না পেয়ে মা তফুরা খোঁজাখুঁজি শুরু করেন।

অতিরিক্ত ডিআইজি কামরুজ্জামান বলেন, ‘ছেলের খোঁজ জানতে চাইলে আজহারুল সঠিক তথ্য দেননি। একপর্যায়ে তিনি জানান, রাকিবুল তার সঙ্গে সাতক্ষীরায় আছে এবং এ সময় তিনি তফুরার কাছ থেকে বিকাশে কিছু টাকা নেন।’

পরবর্তীতে ১৬ আগস্ট সকালে তফুরা খাতুন মোবাইল ফোনে খবর পান যে, রাকিবুলের মরদেহ আজহারুলের ভাড়া বাসায় রয়েছে। এরপর পুলিশকে খবর দিলে সেদিন বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়দের সহায়তায় দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পশ্চিমপাড়ার ওই ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে সেটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর মা তফুরা খাতুন বাদী হয়ে ১৭ আগস্ট দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

র‌্যাব-১০ সিও আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজহারুল স্বীকার করেছেন যে, ১৪ আগস্ট রাতেই তিনি ভাড়া বাসায় রাকিবুলকে গামছা দিয়ে শ্বাসরোধে হত্যা করে এবং মরদেহ গুমের চেষ্টা করেন। স্ত্রীর তালাকের আক্রোশ থেকেই তিনি এ হত্যাকাণ্ড ঘটান।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।