খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ই জুলাই ২০২৫, ৯:২৮ এএম
নারায়ণগঞ্জের ফতুল্লায় চতুর্থবার বিয়ে করতে গিয়ে তৃতীয় স্ত্রীকে মৃত দেখিয়ে ভুয়া মৃত্যু সনদ তৈরির অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি হলেন শাহজাহান (৫০), যিনি শিহাচর এলাকার মৃত ইউনুস ঢালীর ছেলে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে শাহজাহানের স্ত্রী সীমা আক্তার (৩৫) ফতুল্লা মডেল থানায় স্বামীসহ সংশ্লিষ্ট ইউপি সদস্য এবং তথ্য সংগ্রহকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, নয় বছর আগে সীমাকে বিয়ে করেন শাহজাহান, দাম্পত্য জীবনে তাদের তিনটি ছেলে সন্তান রয়েছে। তবে সীমাকে বিয়ের সময় আগের দুটি বিয়ের কথা গোপন রেখেছিলেন তিনি।
সম্প্রতি আবার বিয়ে করার উদ্দেশ্যে শাহজাহান কৌশলে কুতুবপুর ইউনিয়ন পরিষদের তথ্য সংগ্রহকারী শারমিন আক্তারের সহায়তায় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হান্নানুর রফিক রঞ্জুর কাছ থেকে সীমার নামে একটি ভুয়া মৃত্যু সনদ সংগ্রহ করেন। এই সনদ ব্যবহার করে উপজেলা নির্বাচন অফিসে সীমাকে ভোটার তালিকায় মৃত হিসেবে অন্তর্ভুক্ত করান।
বিষয়টি জানার পর সীমা নিজেই নির্বাচন অফিস থেকে কাগজপত্র সংগ্রহ করে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন এবং এরপর থানায় অভিযোগ করেন।
এ বিষয়ে ইউপি সদস্য হান্নানুর রফিক রঞ্জু জানান, প্রতিদিন অনেক আবেদন আসে, তথ্য সংগ্রহকারী শারমিন যাচাই করে সইয়ের জন্য দিতেন। আমি তার ওপর বিশ্বাস করে সই দিয়েছি। সম্ভবত সেই সুযোগে শাহজাহান সীমাকে মৃত দেখিয়ে আবেদন করেন। বিষয়টি নিয়ে আমরা নির্বাচন অফিসে আলোচনা করে সমাধানের চেষ্টা করব।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, আমরা অভিযোগ পেয়েছি, তদন্তের দায়িত্ব এসআই শুভঙ্করকে দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খবরওয়ালা/টিএস
মন্তব্য