ফরিদপুরে ‘বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভ’ ভেঙে দিয়েছেন বিক্ষুব্ধ জনতা

খবরওয়ালা মফস্বল ডেস্ক: ফরিদপুরের বোয়ালমারীতে পুলিশের বাধা উপেক্ষা করে ‘বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভ’ ভেঙে দিয়েছেন বিক্ষুব্ধ জনতা। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এক্সকাভেটর দিয়ে বোয়ালমারী চৌরাস্তায় অবস্থিত স্মৃতিস্তম্ভটির একাংশ ভেঙে ফেলা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম রসুল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বোয়ালমারীর জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা স্মৃতিস্তম্ভে ভাঙচুর চালান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের বাধা দেওয়ার চেষ্টা করলেও তারা ফ্যাসিবাদবিরোধী স্লোগান দিতে থাকে। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এলে ভাঙচুর বন্ধ হয়।

এ বিষয়ে মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘গণ-অভ্যুত্থানে শহিদ ভাইদের রক্তের দাগ এ মাটিতে এখনো শুকায়নি। অথচ পালিয়ে যাওয়া খুনি হাসিনা ভারতের মাটিতে বসে এ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। সেখানে বসে এ দেশের মুক্তিকামী ছাত্র-জনতার বিরুদ্ধে অনলাইনে ভাষণ দেওয়ার দুঃসাহসের প্রতিবাদে এই ভাঙচুর করা হয়।’

বোয়ালমারী উপজেলা ছাত্রদলের কর্মী বোরহান হোসাইন বলেন, ‘আমরা এ দেশের মাটিতে ফ্যাসিবাদ শেখ হাসিনার রেখে যাওয়া শিকড় উপড়ে ফেলব।’ 

যে এক্সকাভেটর দিয়ে স্মৃতিস্তম্ভটি ভাঙা হয়, তার মালিক বোয়ালমারী জর্জ একাডেমি এলাকার বাসিন্দা ভজন চৌধুরী। তিনি জানান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সঞ্জয় সাহা শুক্রবার রাতে তাঁর এক্সকাভেটরটি ভাড়া নেন। শনিবার সকালে চালক শামীম সেটি নিয়ে স্মৃতিস্তম্ভ এলাকায় নিয়ে যান।

তবে সঞ্জয় সাহা এই অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি ভজন চৌধুরী নামে কাউকে চিনি না। আমি বর্তমানে ব্যবসায়িক কাজে ঢাকায় অবস্থান করছি। স্মৃতিস্তম্ভ ভাঙার বিষয়ে আমার কোনো জানা নেই।”

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী বলেন, “ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
 

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।