ফরিদা পারভীনের সর্বশেষ অবস্থা জানালেন তার ছেলে

দেশের স্বনামধন্য লালন-সংগীতশিল্পী ফরিদা পারভীন বর্তমানে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন। তার সর্বশেষ অবস্থার তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তার বড় ছেলে, সংগীতশিল্পী ইমাম জাফর নোমানি।

ইমাম জাফর নোমানি লিখেছেন, ‘সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, আম্মাকে (ফরিদা পারভীন) গত বুধবার বিকাল থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। গত বিকাল থেকেই উনার স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং ব্লাডপ্রেশার নেই।’

তিনি আরও লিখেছেন, ‘এখন ডাক্তাররা সর্বোচ্চমাত্রার ঔষধ দিয়ে কৃত্রিমভাবে তার ব্লাড প্রেশার ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং মেশিনের মাধ্যমে তার ফুসফুসটা চালিয়ে নেওয়া হচ্ছে। খুবই বেদনাদায়ক যে, আম্মার এই শেষ মুহুর্তেও কিছু অ-মানুষ এখনও নানা পরিচয়ে বিভিন্ন মাধ্যমে আর্থিক প্রতারণামূলক কাজ করছে।’

ইমাম জাফর নোমানি জানান, ‘এ ব্যাপারে আবারও সকলকে সতর্ক থাকার অনুরোধ করছি। আমাদের পরিবারের সাথে সরকারের সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয় থেকে নিয়মিত যোগাযোগ রাখছে এবং হাসপাতাল কর্তৃপক্ষও সর্বোচ্চ সহযোগিতা করছে।’

শেষে তিনি লিখেছেন, ‘পরিবারের পক্ষ থেকে আবারও নিশ্চিত করছি যে, আম্মার চিকিৎসার জন্য আর্থিক বা অন্য কোনো ধরনের কোন সহযোগিতার প্রয়োজন নেই। সবাই আম্মার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তার অসীম দয়ায় আম্মার এই শেষ সময়কে সহজ ও শান্তিময় করুন আমিন।’

ফরিদা পারভীন ১৯৬৮ সালে রাজশাহী বেতারের নজরুলসংগীত শিল্পী হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন। পরে লালনগীতি গেয়ে কোটি ভক্তের হৃদয় জয় করেন। সংগীতে বিশেষ অবদানের জন্য তিনি ১৯৮৭ সালে একুশে পদকে ভূষিত হন। এছাড়াও ১৯৯৩ সালে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।