ফুলবাড়িয়ায় বাড়ি থেকে ৬৪ বস্তা ভিজিএফের চাল জব্দ

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের কচুয়ামোড় এলাকা থেকে ৬৪ বস্তা ভিজিএফের চাল জব্দ করেছে পুলিশ। 

শনিবার (৩১ মে) ভোরে কচুয়ামোড় গ্রামের আইনাল হক (৫৫)-এর বাড়ি থেকে এসব চাল উদ্ধার করা হয়।

ফুলবাড়িয়া থানা পুলিশ জানায়, উদ্ধার করা চালের পরিমাণ ২ হাজার ৭০০ কেজি। এর মধ্যে ‘ইনট্যাক’ লেখা ২০ বস্তা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে ভবানীপুর ইউনিয়নের ১ হাজার ৭১৫ জন অতিদরিদ্র কার্ডধারীর জন্য সরকার ১০ কেজি করে মোট ১৭ দশমিক ১৫ মেট্রিক টন ভিজিএফের চাল বরাদ্দ দেয়। গত তিন দিন ধরে ইউনিয়ন পরিষদ থেকে চাল বিতরণ চলছিল।

শনিবার ভোরে স্থানীয়রা ইউনিয়ন পরিষদ থেকে প্রায় ২০০ মিটার দূরে কচুয়ামোড় গ্রামের কুশা ব্যাপারীর ছেলে আইনাল হকের বাড়ির আঙিনায় চালের বস্তা দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানালে, পুলিশ এসে ঘটনাস্থল থেকে চালগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জবান আলী সরকার বলেন, “চালগুলো কোথা থেকে এসেছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এগুলো খাদ্যবান্ধব কর্মসূচির চালও হতে পারে।”

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান বলেন, “স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আইনাল হকের বাড়ি থেকে ৬৪ বস্তায় মোট ২ হাজার ৭০০ কেজি চাল জব্দ করা হয়েছে। এগুলো সরকারি ভিজিএফ চাল বলেই আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।” 

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর