ফুলিয়ে ফাঁপিয়ে রেজাল্ট নয়, এবার প্রকৃত মূল্যায়ন: শিক্ষা উপদেষ্টা

বৃহস্পতিবার (১০ জুলাই) এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এসএসসি পরীক্ষার ফল প্রকাশে এবার কোনো রকম ফুলিয়ে-ফাঁপিয়ে নম্বর বাড়ানোর সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেছেন, ‘শিক্ষার্থীরা যেভাবে পরীক্ষা দিয়েছে, সেভাবেই ফলাফল পাবে। অতীতের মতো অযৌক্তিকভাবে জিপিএ–৫ বাড়িয়ে দেখানোর সংস্কৃতি এবার আর থাকছে না।’

বুধবার (৯ জুলাই) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কার্যালয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘গত ১৬ বছরে যেভাবে ফলাফলকে রাজনৈতিক সাফল্য দেখাতে ফুলিয়ে-ফাঁপিয়ে প্রকাশ করা হতো, এবার তা হবে না। আগের সরকার ছাত্রছাত্রীদের প্রকৃত মূল্যায়নের চেয়ে জিপিএ-৫ এর সংখ্যা বাড়িয়ে নিজেদের সাফল্য দাবি করত।’

তিনি আরও বলেন, ‘শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা পরীক্ষার ফলাফলের বই নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে গিয়ে প্রধানমন্ত্রীকে উপহার দিতেন, তারপর শুরু হতো ফটোসেশন। এবার এসব আনুষ্ঠানিকতা বন্ধ করে শিক্ষার্থীদের প্রকৃত মেধার ভিত্তিতে ফল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।’

শিক্ষা উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, এবার শিক্ষার্থীরা বাড়িতে বসেই তাদের ফলাফল জানতে পারবে। কোনো কেন্দ্রীয় আনুষ্ঠানিকতা রাখা হয়নি। শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ড অফিস থেকেই ফলাফল প্রকাশ করবেন।

তিনি জানান, প্রশ্নফাঁস রোধে এবার কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষকদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী, অভিভাবক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন।

দুই মাসেরও কম সময়ে ফল প্রকাশের প্রসঙ্গে তিনি বলেন, ‘আগে তিন-সাড়ে তিন মাস লেগে যেত। এবার সময়মতো ফল প্রকাশ করায় শিক্ষার্থীরা পরবর্তী শিক্ষাবর্ষে অতিরিক্ত দুই মাস ক্লাস করার সুযোগ পাবে। এতে তাদের শিক্ষা জীবন আরও সমৃদ্ধ হবে।’

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।