খবরওয়ালা অনলাইন ডেস্ক: ফেব্রুয়ারি মাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। যার পরিমাণ ২৫২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, দেশীয় মুদ্রার হিসেবে যা ৩১ হাজার ৯৪ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। রবিবার (২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে বাংলাদেশের ইতিহাসে ফেব্রুয়ারি মাসে এত পরিমাণ রেমিট্যান্স আসেনি কখনো।
হালনাগাদ তথ্যে জানানো হয়, ফেব্রুয়ারিতে দেশে এসেছে ২৫২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত জানুয়ারিতে দেশে এসেছিল ২১৮ কোটি ৫২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। সেই হিসাবে ফেব্রুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
গত বছরের ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ২০২ কোটি ২০ লাখ ডলার। বছর ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ২৫ শতাংশ। এদিকে আগস্ট থেকে টানা সাত মাস ধরে প্রতি মাসে ২০০ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা।
এছাড়া, চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে রেমিট্যান্স বেড়েছে ২৩.৮ শতাংশ। চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১ হাজার ৮৪৯ কোটি ডলার। আর গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৪৯৩ কোটি ৫০ লাখ ডলার।
খবরওয়ালা/টিএ



