খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: রবিবার, ২ মার্চ ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগের প্রয়াত নেতা হোসেন তওফিক ইমামের (এইচ টি ইমাম) ছেলে সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম, তাঁর স্ত্রী মাহিন ইমাম ও মেয়ে মানিজে ইসমত ইমামের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (২ মার্চ) দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আক্তার হোসেন এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি জানান, তানভীর ইমাম ৩০ কোটি ৬২ লাখ ৩ হাজার ৮৩৬ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রেখেছেন। তিনি জাতীয় সংসদ সদস্য হিসেবে নিজ ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এই জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করায় তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারার মামলা দায়ের করেছে দুদক।
দুদকের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।
এ ছাড়া তানভীর ইমামের স্ত্রী মাহিন ইমাম ৩ কোটি ৭ লাখ ৪৯ হাজার ৫৪৮ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারার শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তানভীর ইমাম সংসদ সদস্য থাকাকালীন ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ছেলেকে অপরাধে সহায়তা করে দন্ডবিধি’র ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তাই তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
দুদকের সহকারী পরিচালক মো. সহিদুর রহমান ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে এই মামলা দায়ের করেন।
এ দিকে তানভীর ইমামের মেয়ে মানিজে ইসমত ইমাম ১ কোটি ৮৭ লাখ ১৫ হাজার ৭১৭ টাকা মূল্যের জ্ঞাত আয় বহিভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারার শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এ ছাড়া তার বাবা তানভীর ইমাম সংসদ সদস্য থাকাকালীন ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মেয়েকে এই অপরাধে সহায়তা করে দন্ডবিধি’র ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তাই তাদের বিরুদ্ধে অপর মামলাটি দায়ের করেছে দুদক।
দুদকের উপসহকারী পরিচালক ওয়াশকুরুনী বাদী হয়ে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে দায়ের করেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর দলের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের মতো তানভীর ইমাম এবং তার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে নামে দুদক। গতবছরের ৮ অক্টোবর দুদকের আবেদনে তানভীর ও তার স্ত্রী মাহিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয় আদালত। এরপর এ বছরের ১৯ ফেব্রুয়ারি এই দম্পতি এবং তাদের মেয়ের ৬৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয় আদালত।
তানভীর ইমাম, তার স্ত্রী মাহিন ইমাম এবং মেয়ে মানিজা ইসমত ইমামের নামে থাকা এসব হিসাবে ২০ কোটি ২৯ লাখ ৭৯ হাজার টাকা রয়েছে। এ ছাড়া তাঁদের নামে থাকা স্থাবর সম্পদ জব্দের আদেশও দিয়েছে আদালত।
খবরওয়ালা/আরডি