ফেসবুক প্রোফাইলে ঢাবি প্রক্টরের ছবি, থানায় জিডি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আইডি খোলা হয়েছে উল্লেখ করে শাহবাগ থানায় জিডি করা হয়েছে। রবিবার রাত ৯টার দিকে শাহবাগ থানায় এই জিডি করা হয়।

প্রক্টরের ছবি ব্যবহার করা ওই আইডির নাম Samiul Islam Dhrubo। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পক্ষে শাহবাগ থানায় জিডিটি করেন ঢাবির জুনিয়র সিকিউরিটি অফিসার মুনির হোসেন।

জিডিতে উল্লেখ করা হয়, ওই আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানকে নিয়ে নানা ধরনের আজেবাজে মন্তব্য করা হচ্ছে।

এ বিষয়ে ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, আজকেই এই ফেসবুক প্রোফাইলের তথ্যটি আমার নজরে এসেছে। আমার ছবি প্রোফাইলে ব্যবহার করে একজন প্রোফাইল ব্যবহার করছে এবং এটা ব্যবহার করে নানা ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। যারা শুধু আমার ছবিটি দেখবে, তারা হয়তো মনে করবে যে এই যোগাযোগে কথোপকথন আমিই করছি।

কাজেই এ রকম বিভ্রান্তিমূলক ফেসবুক প্রোফাইলের প্রতি সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি এবং আমি মনে করি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের বিরুদ্ধে ষড়যন্ত্রের একটি অংশ। একটি কুচক্রী মহল বর্তমান প্রশাসনকে বিতর্কিত করার প্রচেষ্টা চালাচ্ছে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাদের এই প্রচেষ্টা সফল হবে না।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।