বকেয়া বিদ্যুৎ বিল, সংযোগ বিচ্ছিন্ন করায় লাইনম্যানকে পেটালেন বিএনপি নেতা

ফরিদপুরে ৯ মাসের বিদ্যুৎ বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করার পর এক পল্লী বিদ্যুৎ কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। আহত লাইনম্যান পার্থ বাগচি (২৮) বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটেছে সোমবার (২৬ মে) দুপুরে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায়। মঙ্গলবার (২৭ মে) বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এস. এম. নাসিরউদ্দিন।

পল্লী বিদ্যুৎ সমিতির সূত্রে জানা গেছে, বোয়ালমারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আজিজুল হকের বাসায় ৯ মাসের বিদ্যুৎ বিল বকেয়া ছিল, যার পরিমাণ ৩৬ হাজার ৮৮২ টাকা। নির্ধারিত সময়ের পরও বিল পরিশোধ না করায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের নির্দেশে লাইনম্যান পার্থ বাগচি ওই বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে আজিজুল হক ও তার সহযোগীরা দলবল নিয়ে বোয়ালমারী পল্লী বিদ্যুৎ অফিসে ঢুকে পার্থকে মারধর করেন। হামলার সময় পার্থকে অফিসের দ্বিতীয় তলায় নিয়ে গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে জানান সহকর্মীরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

পল্লী বিদ্যুৎ কর্মী আল-আমিন হোসাইন বলেন, ‘আজিজুল হককে বহুবার অনুরোধ করা হয়েছিল বিল পরিশোধের জন্য। কিন্তু তিনি বিষয়টি আমলে নেননি। তাই ডিজিএম স্যারের নির্দেশে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপরই তারা অফিসে এসে মারধর করে।’

ঘটনার বিষয়ে জানতে চাইলে আজিজুল হক দাবি করেন, ‘চলতি মাসে বিলটা বাড়তি এসেছে। মোবাইলে জানতে চাইলে তর্ক হয়, পরে তারা আমার লাইন কেটে দেয়।’

তবে মারধরের বিষয়টি তিনি পুরোপুরি অস্বীকার না করে বলেন, ‘পোলাপান একটু চড়-থাপ্পড় দিছে। চাবির আঘাতে লোকটার মাথায় কেটে গেছে।’

অভিযোগ উঠলেও ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন সংশ্লিষ্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত জোনাল ম্যানেজার সাইদুর রহমান। তিনি বলেন, ‘মীমাংসা হয়ে গেছে, এ বিষয়ে কিছু বলতে চাই না।’

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এস. এম. নাসিরউদ্দিন বলেন, ‘আমাদের কর্মীর ওপর অফিসে ঢুকে মারধর করা হয়েছে। এ ঘটনায় আমরা থানায় অভিযোগ করেছি এবং আইনি ব্যবস্থা নিচ্ছি।’

তবে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান জানান, এ বিষয়ে থানায় কেউ এখনো কোনো লিখিত অভিযোগ দেননি। তিনি বলেন, ‘শুনেছি উভয়পক্ষ নিজেরা মীমাংসা করেছে।’

 

খবরওয়ালা/আরডি 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।