বঙ্গবন্ধুকে ভালোবেসে ফুল দিতে গিয়েছেন আমার স্বামী: সেই রিকশাচালকের স্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে গণপিটুনির শিকার হওয়া সেই রিকশাচালক আজিজুর রহমানকে জামিন দিয়েছেন আদালত। এদিন জামিন শুনানি শেষে তার স্ত্রী চুমকি খাতুন বলেন, ‘আমার স্বামী কোনো রাজনীতি করেন না। বঙ্গবন্ধুকে ভালোবেসে ফুল দিতে গিয়েছেন।’

রবিবার (১৭ আগস্ট) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন। এদিন সকালে ১০ মাসের একমাত্র সন্তানকে নিয়ে আদালতে আসেন আজিজুরের স্ত্রী চুমকি খাতুন। শুনানিকালে আদালতে বসে ছিলেন তিনি।

পরে দুপুরে শুনানি শুরু হয়। আজিজুরের পক্ষে ফারজানা ইয়াসমিন রাখী জামিন শুনানি করেন। তিনি বলেন, ‘আসামি একজন রিকশাচালক। ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হন। পুলিশ তাকে গ্রেপ্তার করে। আগের একটা পেন্ডিং মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আজিজুর দিন আনে দিন খায়। তার রিকশাটাও নিয়ে যাওয়া হয়েছে। তার জামিনের প্রার্থনা করছি।’

শুনানি শেষে আদালত এক হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল করা পর্যন্ত আজিজুরের জামিনের আদেশ দেন।

পরে আদালত থেকে বেরিয়ে তার চুমকি বলেন, ‘আমার স্বামী রাজনীতির সঙ্গে জড়িত না। আবেগের বশে সেখানে গিয়েছিলেন। তিনি বঙ্গবন্ধুকে ভালোবাসেন। জামিন পেয়েছেন, আমি খুশি।’

আজিজুরের প্রতিবেশী জোবায়ের বলেন, ‘বঙ্গবন্ধুকে ভালোবেসে তিনি ফুল দিতে গিয়েছেন। তিনি ভাড়ায় রিকশাটা চালান। সাত হাজার টাকা দিয়ে রিকশা কেনার ক্ষমতা তার নেই। তার জামিন হওয়ায় আমরা পরিবারের সবাই খুশি।’

প্রসঙ্গত, ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার হন রিকশাচালক আজিজুর রহমান। পরে তাকে সেখান থেকে গ্রেপ্তার করে পুলিশ।

ওই দিন আজিজুর জানান, ‘আমি কোনও দল করি না। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি। তাই এসেছিলাম।’

তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ফেরাতে আসিনি। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। তাই আমার হালাল টাকা দিয়ে কেনা ফুল নিয়ে এসেছি।’

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।