খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: ১১ই জুলাই ২০২৫, ৮:১৬ এএম
বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ে মাছ ধরতে যাওয়া বরগুনার ৯ জেলেকে চারদিন পর উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন তিনজন।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে পটুয়াখালীর রাঙ্গাবালীর সোনারচর উপকূলে স্থানীয় এক মাছ ধরার ট্রলার জীবিতদের উদ্ধার করে রাঙ্গাবালী নৌপুলিশের কাছে হস্তান্তর করে।
উদ্ধার হওয়া জেলেরা হলেন- কবির হোসেন (৫২), এবাদত (৩৬), আল আমিন সিকদার (২৮), জাহিদ (২৭), রাসেল (২৪), ইব্রাহিম খান (৪০), মুনসুর (২৮), শাহ আলম (৬২) ও নূরুল হক (৪৫)। তারা সবাই বরগুনার পাথরঘাটা উপজেলার বাসিন্দা।
এর আগে শনিবার (৫ জুলাই) গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া ‘এফবি সাইকূল’ নামের একটি মাছ ধরার ট্রলার রবিবার (৬ জুলাই) সকালে পায়রা বন্দরের শেষ বয়ার কাছে ভয়াবহ ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। ট্রলারটিতে মোট ১২ জন জেলে ছিলেন। এরপর থেকে তারা নিখোঁজ ছিলেন।
উদ্ধার হওয়া মাঝি কবির হোসেন বলেন, ভোরে (৬ জুলাই) ট্রলার উলটে গেলে আমরা সবাই রিং বয়া ও ফ্লোট ধরে সাগরে ভেসে থাকি। কিন্তু ঢেউয়ের তোড়ে তিনজন আমাদের কাছ থেকে ছিটকে পড়েন। তারপর আমরা ৯ জন প্রাণপণ চেষ্টা করে একসঙ্গে থাকি।
চারদিন ধরে খাবার, পানি ও বিশ্রাম ছাড়া তারা সাগরে ভাসমান অবস্থায় ছিলেন তারা। প্রাণে বেঁচে ফেরা জেলেরা জানান, লবণ পানি খেয়ে কোনোরকমে তারা বেঁচে ছিলেন এবং শেষ পর্যন্ত সোনারচর উপকূলের কাছাকাছি চলে আসেন।
এদিকে নিখোঁজ তিনজন— খবির আলী মিয়া, সোহাগ ও গোপাল মিস্ত্রীকে নিয়ে শুরু হয়েছে বিভ্রান্তি। ট্রলার মালিকের ভাই পরিচয় দেওয়া একজন দাবি করেছেন, ওই তিনজনকেও নাকি পাওয়া গেছে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি নৌপুলিশ।
রাঙ্গাবালী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম বলেন, উদ্ধার হওয়াদের চরমোন্তাজে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিখোঁজদের ব্যাপারে অনুসন্ধান চলছে। কেউ কেউ বলছে তাদেরও উদ্ধার করা হয়েছে, তবে আমরা এখনো নিশ্চিত নই।
খবরওয়ালা/এমইউ
মন্তব্য