বছরে নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার

স্বচ্ছতা নিশ্চিত করতে ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘বিসিএস পরীক্ষা হলো এন্ট্রি পয়েন্ট। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে তারাই সরকার চালাবে। কাজেই এন্ট্রি পয়েন্টে কোনো ধরনের অনিয়ম হলে গোটা সিস্টেমেই তার প্রভাব পড়বে। সমস্যা ও সংকটগুলো দায়িত্ব নিয়ে সমাধান করতে হবে। প্রয়োজনীয় সংস্কারের জন্য সবাইকে একসঙ্গে চেষ্টা করতে হবে।’

বৈঠকে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম জানান, কমিশন ইতোমধ্যেই পাঁচ বছরের রোডম্যাপ দিয়েছে। প্রতিবছর নভেম্বর থেকে পরের বছরের অক্টোবরের মধ্যেই পরীক্ষা ও নিয়োগ সম্পন্ন করা হবে। তিনি পিএসসির আর্থিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা করেন।

কমিশনের সদস্যরা বলেন, গত ১৫ বছর রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বিসিএসে অনিয়ম, স্বজনপ্রীতি, প্রশ্নফাঁসের মতো ঘটনা ঘটেছে। তবে এখন এমন সংস্কার করা হয়েছে যাতে ভবিষ্যতে পিএসসিতে অনিয়ম ফিরে না আসে এবং এটি সবার আস্থার জায়গা হয়ে ওঠে। প্রশ্নপত্রের মানও এমনভাবে উন্নীত করা হচ্ছে যাতে প্রার্থীরা বৈশ্বিক প্রতিযোগিতায়ও নিজেদের যোগ্য প্রমাণ করতে পারেন।

বৈঠকে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া, পিএসসি সদস্য মো. সুজায়েত উল্যা, মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, অধ্যাপক ড. এম সোহেল রহমান, অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. শাহনাজ সরকার এবং পিএসসি সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।