বন্ধুকে গাছের সঙ্গে বেঁধে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে এক কলেজছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৮ মার্চ) বেলা দেড়টার দিকে গুলিয়াখালী সৈকতে এ ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। বিকেল ৩টার দিকে সীতাকুণ্ড থানা পুলিশ ওই কলেজছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী জানান, তিনি দুপুরে এক ছেলে বন্ধুর সঙ্গে সৈকতে ঘুরতে যান। একপর্যায়ে চার যুবক তাদের জিম্মি করে উপকূলের ঝাউবাগানে নিয়ে যায়। সেখানে ছেলেটিকে মারধর করে ঝাউগাছের সঙ্গে বেঁধে রেখে জিম্মি করে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যান।

ওই কলেজছাত্রী বলেন, ‘ধর্ষণকারীদের হাত থেকে রেহাই পেতে অনেক আকুতি-মিনতি করেছি। তাদের পায়েও ধরেছি। কিন্তু তারপরও তাদের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারিনি।’

স্থানীয় বাসিন্দা মুন্না গণমাধ্যমকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে ওই তরুণীকে উদ্ধার করেছি। তার চোখে-মুখে ছিল ভয়ের ছাপ। তিনি সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে আমাদের জানিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘সৈকতে পর্যাপ্ত কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। বিভিন্ন সময়ে পর্যটকদের বখাটেদের হয়রানির শিকার হতে হয়।’

সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে পুলিশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। ঘটনার বিষয় জানার জন্য মেয়েটির সঙ্গে কথা বলছি। এ ঘটনায় রাশেদ নামের একজনকে আটক করা হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।