খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: ৩১ই জুলাই ২০২৫, ১০:২৯ এএম
ময়মনসিংহের নান্দাইলে বন্ধুর বাড়ি থেকে রিয়াদ মিয়া (২৫) নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩০ জুলাই) পোঁড়াবাড়িয়া গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রিয়াদ মিয়া নান্দাইলের পোঁড়াবাড়িয়া গ্রামের আবদুল লতিফের ছেলে।
জানা গেছে, হানিফ মিয়ার একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি হয়। সেই চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে হানিফের লোকজন রিয়াদ নামে একজনকে আটক করে। পরে আচারগাঁও বিলপাড়ায় একটি সালিশ বসে। সেখানে রিয়াদ অটোরিকশা চুরির কথা স্বীকার করে তার বন্ধু নাদিম মিয়াও জড়িত ছিলেন বলে জানান।
এরপর নাদিমকেও সালিশে উপস্থিত করা হলে তিনিও অটোরিকশা চুরির বিষয়টি স্বীকার করেন। নাদিমের মা ময়না বেগম সালিশস্থলে উপস্থিত হয়ে অটোরিকশার টাকা ফেরত দেওয়ার মুচলেকা দিয়ে রিয়াদ ও নাদিমকে মুক্ত করে নিয়ে যান। ওই দিন রাতে রিয়াদ বন্ধু নাদিমের বাড়িতে থেকে যান। সকালে প্রতিবেশীরা নাদিমদের বাড়িতে কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকে রিয়াদের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পান।
নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোজাহিদুল ইসলাম বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পরপর থেকে রিয়াদের বন্ধু ও তার পরিবারের সদস্যরা পালিয়েছেন।’
খবরওয়ালা/এমইউ
মন্তব্য